কেবল চা আর সবজিভাত! দিনহাটা-২ বিডিও অফিসে জনগণনাকর্মীদের তুমুল বিক্ষোভ

২০২৭ সালের জনগণনার (Census 2027) প্রশিক্ষণ তিনদিনের বদলে একদিনেই শেষ করে দেওয়া এবং প্রশিক্ষণ সংক্রান্ত বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ তুলে সোমবার দিনহাটা-২ ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখান জনগণনায় নিযুক্ত কর্মীরা। কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও বিডিওর সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিনহাটা-২ ব্লকে জনগণনা প্রশিক্ষণে কেন বিক্ষোভ কর্মীদের?

বিক্ষোভকারী জনগণনাকর্মীরা অভিযোগ করেন, তিনদিনের প্রশিক্ষণের জন্য একদিনেই উপস্থিতির সই নেওয়া হচ্ছে। পাশাপাশি খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, প্রশিক্ষণ নির্ধারিত তিনদিনই হোক এবং বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক।

মাত্র ২০০ টাকায় চা আর সবজিভাত! ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা

এদিন জনগণনাকর্মীদের মূল বক্তব্য ছিলো, যেখানে প্রতিদিনের ট্রেনিং এর জন্য ৬০০ টাকা করে বরাদ্দ, যার মধ্যে ২০০ টাকা রিফ্রেশমেন্টের জন্য; সেখানে ২০০ টাকার বিনিময়ে এক কাপ চা আর সবজিভাত কেন দেওয়া হচ্ছে? যেখানে অন্যান্য ট্রেনিং সেন্টারে জনগণনা কর্মীদের জন্য টিফিন এবং আমিষ খাবার বরাদ্দ করা হয়েছে, সেখানে একই যাত্রায় পৃথক ফল নিয়েই তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তাই ট্রেনিং এর বিরতিতে তারা প্রতিবাদের সামিল হন।

"৬০০ টাকার মধ্যে ২০০ টাকা রিফ্রেশমেন্টের জন্য। কিন্তু আমাদের দেওয়া হলো দুটো বিস্কুট, চা এবং দুপুরে ডাল আর সবজি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা তিন দিনের ট্রেনিং চাই এবং বরাদ্দ অর্থের যথাযোগ্য ব্যবহার চাই।"
- সুশান্ত বর্মন (বিক্ষোভকারী জনগণনাকর্মী)

স্কুলের পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা

এছাড়াও জনগণনার কাজের কারণে স্কুলের পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর দেওয়ার দাবি জানান তাঁরা। আগামীতে স্কুলে পরীক্ষা রয়েছে, এই অবস্থায় একসঙ্গে একাধিক শিক্ষককে ট্রেনিংয়ে ডেকে নেওয়ায় পঠনপাঠন কীভাবে চলবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা।

সমস্যার সমাধানে কী জানালেন বিডিও লাহমা ওয়াই ওয়াংদি?

দিনহাটা-২ ব্লকের বিডিও লাহমা ওয়াই ওয়াংদি জানান, এখনও প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ হয়নি। বরাদ্দ এলেই তা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তিনি বলেন, অনেক স্কুলের একাধিক শিক্ষক একসঙ্গে প্রশিক্ষণে থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে একদিনেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে কারও অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হলে সেই সুযোগও রাখা হয়েছে।

বিডিওর কথা মেনে কর্মীরা অবশেষে সবজিভাত খেয়েই পুনরায় ট্রেনিং-এ যোগদান করেন। তবে আগামীতে বাকি দুই দিনের রিফ্রেশমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে না এলে পুনরায় তারা প্রতিবাদে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ভিডিওতে দেখুন সম্পূর্ণ খবর:

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. দিনহাটা-২ বিডিও অফিসে কেন বিক্ষোভ দেখালেন জনগণনাকর্মীরা?

২০২৭ সালের জনগণনার তিনদিনের প্রশিক্ষণ একদিনে শেষ করা এবং খাবারের মান (চা ও সবজিভাত) অত্যন্ত খারাপ হওয়ার অভিযোগে কর্মীরা বিক্ষোভ দেখান।

২. জনগণনার প্রশিক্ষণে কর্মীদের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে?

প্রতিদিনের ট্রেনিংয়ের জন্য ৬০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২০০ টাকা রিফ্রেশমেন্ট বা খাবারের জন্য নির্ধারিত।

৩. দিনহাটা-২ ব্লকের বর্তমান বিডিও কে?

দিনহাটা-২ ব্লকের বর্তমান বিডিও হলেন লাহমা ওয়াই ওয়াংদি।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in