সমীর হোসেন, দিনহাটা: দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় শনিবার ভরদুপুরে একটি বাড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
চুরি গেছে নগদ ও সোনা
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক নন্দগোপাল সাহা সকালে কর্মস্থলে চলে যান। পরে জরুরি কাজে তাঁর স্ত্রী কণিকা দে সাহাও বাড়ি থেকে বের হন। কিছু সময় পর স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে বাড়ি ফিরে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারি খোলা। তাঁর দাবি, আলমারিতে রাখা প্রায় ২৫ হাজার টাকা ও সোনার গয়না চুরি হয়েছে। দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলেও দাবি করেন তিনি।
তদন্তে পুলিশ
খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কীভাবে চোরেরা বাড়িতে ঢুকল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একই বাবুপাড়া এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরির অভিযোগ সামনে আসায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।