এবার কোচবিহারেই আরও এক ছাত্রের অ্যাকাউন্টে জ্বলজ্বল করছে ৭৫০ কোটিরও বেশি টাকা





হলদিবাড়ির দশম শ্রেণির ছাত্রী সুপর্ণা রায়ের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা দেখা যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারের দিনহাটায় একই ধরনের ঘটনা সামনে এল। বড় আটিয়াবাড়ি এলাকার দশম শ্রেণির ছাত্র চন্দ্রকান্ত দেবনাথের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই ৭৫০ কোটিরও বেশি টাকা দেখা যায়, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকান্ত নিজের অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলতে স্থানীয় ব্যাংকে গেলে ব্যালেন্স দেখে হতবাক হয়ে যান। অ্যাকাউন্টে ৭৫০ কোটিরও বেশি টাকা দেখানো হয়। বিষয়টি জানাতে তিনি স্থানীয় সেন্ট্রাল ব্যাংকের শাখায় গেলে ততক্ষণে ব্যাংক বন্ধ হয়ে যায়।


চন্দ্রকান্তের বাবা নীলকান্ত দেবনাথ পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি জানান, জীবনে এত টাকা কখনও দেখেননি। হঠাৎ এমন ঘটনা ঘটায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভবিষ্যতে কোনও আইনি বা আর্থিক জটিলতা তৈরি হতে পারে, সেই আশঙ্কায় প্রতিবেশীর পরামর্শে তাঁরা দিনহাটা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন।


পরিবারের দাবি, বিষয়টির দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হোক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ব্যাংকের কারিগরি ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার ফল হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in