জনগণনার দায়িত্বে রয়েছেন? তাহলে অবশ্যই জেনে নিন। ইতিমধ্যে জনগণনা বিষয়ে জারি হওয়া সার্কুলার থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে জনগণনা ২০২৭ (Census 2027 West Bengal) বিষয়ে। ২০২৭ সালের জনগণনার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে! এনামেরেটরদের ডিউটি (Enumerator Duty rules) ও জনগননাকারীদের ৩ দিনের ট্রেনিংও শুরু হয়ে গেছে। সমগ্র দেশ জুড়ে ১ অগাস্ট ২০২৬ থেকেই শুরু হতে চলেছে জনগণনা। যদিও ১ তারিখ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে স্ব-জনগণনা। ১৬ অগাস্ট থেকে নিযুক্ত জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শুরু করবে গণনার কাজ।
ইতিমধ্যে প্রকাশিত 'সার্কুলার নম্বর ১০'-এর মাধ্যমে ব্লক গঠন, কর্মী নিয়োগ এবং বাড়ি গণনার বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে। আপনার পাড়ায় বা গ্রামে কীভাবে এই কাজ হবে? ডিজিটাল ম্যাপের ভূমিকাই বা কী? আসুন বিস্তারিত জেনে নেই-
১. কীভাবে ভাগ হবে আপনার এলাকা? (HLB গঠন)
জনগণনার সুবিধার্থে সমগ্র এলাকাকে 'হাউসলিস্টিং ব্লক' বা HLB-তে ভাগ করা হচ্ছে।
- আবাসিক এলাকার নিয়ম: প্রতিটি ব্লকের আদর্শ জনসংখ্যা হবে ৭০০-৮০০ জন।
- জনবিরল এলাকা: যেসব এলাকায় বসতি কম, সেখানে ৩০০ বা তার বেশি সেন্সাস বাড়ি নিয়ে একটি ব্লক তৈরি হবে।
- গ্রাম ও শহরের বিভাজন: গ্রামাঞ্চলে প্রতিটি গ্রামে অন্তত একটি HLB থাকবে, এবং এর সীমানা গ্রাম পঞ্চায়েতের বাইরে যাবে না। শহরাঞ্চলে ওয়ার্ডকে প্রাথমিক একক ধরা হয়েছে।
- বস্তি এলাকা (Slums): বস্তি এবং সাধারণ এলাকাকে কোনোভাবেই এক ব্লকে মেশানো যাবে না। বস্তির জন্য সম্পূর্ণ আলাদা ব্লক তৈরি করা হবে।
২. বাড়ি ও ব্লকের নম্বর দেওয়ার নতুন নিয়ম
আপনার বাড়ির গায়ে কি নতুন নম্বর পড়তে চলেছে?
- প্রতিটি চার্জের অধীনে থাকা HLB-গুলিকে ০০০১ থেকে শুরু করে পর পর ৪-ডিজিটের সিরিয়াল নম্বর দেওয়া হবে।
- যে এলাকায় আগে থেকে সঠিক নম্বর দেওয়া নেই, সেখানে কর্মীরা বিল্ডিং নম্বর দেবেন।
- নম্বরের ধরন: নম্বরের আগে ইংরেজি 'CN' বা স্থানীয় ভাষার সমকক্ষ শব্দ লেখা থাকবে। দরজার কাছে পার্মানেন্ট মার্কার দিয়ে অন্তত দুই মিটার দূর থেকে দৃশ্যমান আকারের নম্বর লিখতে হবে।
- সতর্কবার্তা: সার্কুলারে স্পষ্ট জানানো হয়েছে, সেন্সাসের এই নম্বর দেওয়া মানেই কোনো বেআইনি বাড়ি আইনত বৈধতা (regularization) বা অধিকার পেয়ে গেল—এমনটা একেবারেই নয়। এটি শুধুমাত্র জনগণনার সুবিধার্থে ব্যবহৃত হবে।
৩. নিয়োগ ও সুপারভাইজরি সার্কেল
এই বিশাল কর্মযজ্ঞের জন্য দেশজুড়ে বিপুল সংখ্যক এনামেরেটর ও সুপারভাইজার নিয়োগ করা হবে।
- ৬ জন এনামেরেটরকে দেওয়া ৬টি বা তার বেশি পাশাপাশি অবস্থিত HLB নিয়ে একটি 'সুপারভাইজরি সার্কেল' গঠিত হবে।
- কাজের সমতা বজায় রাখতে একজন কর্মীকে একাধিক ছোট ব্লকের দায়িত্ব দেওয়া হতে পারে।
- ডিজিটাল পরিচয়পত্র: সুপারভাইজার এবং এনামেরেটরদের নিয়োগপত্র ও আইডি কার্ড CMMS পোর্টাল থেকে তৈরি হবে। পরিচয়পত্রগুলি A6 সাইজের ৩০০ GSM আর্ট কার্ড পেপারে ছবি, চার্জ অফিসারের স্বাক্ষর ও সিল সহ ইস্যু করা হবে।
৪. প্রথমবার ডিজিটাল প্রযুক্তির চমক
কাগজ-কলমের দিন শেষ! এবারই প্রথম HLB তৈরি, সীমানা নির্ধারণ, জিও-ট্যাগিং এবং কর্মী বন্টনের কাজ সম্পূর্ণ ডিজিটালভাবে 'Census Monitoring and Management System (CMMS)' পোর্টাল এবং 'HLB Creator (HLBC)' ওয়েবসাইটের মাধ্যমে করা হবে। এর ফলে সীমানা নির্ধারণে কোনো ওভারল্যাপ বা ফাঁক থাকবে না।
৫. সময়সূচি (Timeline)
মাঠ পর্যায়ের কাজ শুরুর সময়কে 'T' ধরে একটি কড়া সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে। কাজ শুরুর ৯ সপ্তাহ আগে থেকে ৫ সপ্তাহ আগে পর্যন্ত (T-9 থেকে T-5) ম্যাপ তৈরি, ব্লক ফ্রিজ করা, কর্মী নিয়োগ এবং নিয়োগপত্র বিতরণের মতো প্রশাসনিক কাজগুলি পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে।
Census 2027 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্ন ১: ২০২৭ সালের জনগণনার কাজ কবে থেকে শুরু হবে?
উত্তর: আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে দেশজুড়ে জনগণনা শুরু হতে চলেছে। প্রথম ১৫ দিন স্ব-জনগণনা চলবে এবং ১৬ অগাস্ট থেকে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ করবেন।
প্রশ্ন ২: জনগণনায় HLB-এর অর্থ কী?
উত্তর: HLB-এর সম্পূর্ণ অর্থ হলো 'হাউসলিস্টিং ব্লক'। জনগণনার সুবিধার্থে প্রতিটি এলাকাকে ৭০০-৮০০ জনের ভিত্তিতে এই ছোট ছোট ব্লকে ভাগ করা হয়।