সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: বর্ধমানের ঐতিহ্যবাহী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রণামী বাক্স চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। এই ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।
মঙ্গলবার সকালে চুরির ঘটনা প্রকাশ্য
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মন্দির কর্তৃপক্ষ দেখেন মন্দিরের দান বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে ।সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গভীর রাতে কারা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিল এবং কীভাবে এই চুরির ঘটনাটি ঘটালো, তা ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে ঠিক কত টাকা চুরি গেছে, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। কারা এর সঙ্গে জড়িত সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও দ্রুত গ্রেফতারের দাবি
এই ঘটনার পর মা সর্বমঙ্গলা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা ভক্তরা। তাঁদের অভিযোগ, এত বড় এবং ঐতিহ্যবাহী একটি মন্দিরে রাতে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী বা নজরদারি কেন ছিল না, তা খতিয়ে দেখা দরকার। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা এই চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ ঘটনার কিনারা করতে কতটা দ্রুত পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী।