ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উপলক্ষে পুটিমারি উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উপলক্ষে শুক্রবার দিনহাটা মহকুমার বড় নাচিনা এলাকার পুটিমারি উচ্চ বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুটিমারি উচ্চ বিদ্যালয় এবং দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, প্রাক্তন ছাত্র ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিনের রক্তদান শিবিরে মোট ১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায় নিজে রক্তদান করে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এই উদ্যোগ উপস্থিত সকলকে রক্তদানে উৎসাহিত করে।
রক্তদান শিবিরের সুষ্ঠু পরিচালনা ও সফল বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং প্রাক্তন ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সহযোগিতাকারী শিক্ষকবৃন্দ হলেন— খোকন সাহা, সুব্রত সাহা, পুলক রায়, অরিজিৎ দাস, তপন রায়, জয়দেব বর্মন ও অনুপম দাস। শিক্ষিকাদের মধ্যে ছিলেন কাকলি রায় ও মরিয়ম খাতুন। এছাড়াও প্রাক্তন ছাত্র রক্তিম চক্রবর্তী ও শামীম মিয়া সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রক্তদান মানুষের জীবন বাঁচানোর অন্যতম শ্রেষ্ঠ মানবিক উদ্যোগ। সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
এই মহতী উদ্যোগকে ঘিরে বিদ্যালয় চত্বরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা আয়োজকদের এই মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।