Big Breaking: উদয়ন গুহকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো আদালত, চলবে মামলার তদন্ত
সমীর হোসেন, দিনহাটা: শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ। গ্রেপ্তার হওয়া প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিনহাটা আদালত।
১৪দিনের জেল হেফাজত উদয়নের
পুলিশি হেফাজত থেকে শনিবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে আদালতে তোলা হলে মামলার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এমনটাই খবর। সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন আদালতের নির্দেশের কথা জানিয়ে বলেন, মামলার তদন্তের স্বার্থে আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।
কি কি অভিযোগ উদয়নের বিরুদ্ধে?
উল্লেখ্য, শুধু শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগ নয় এছাড়াও পুর আবাসের কাটমানির মামলা রয়েছে উদয়নের বিরুদ্ধে। কয়েকদিন আগেই ড্রেনের ওপর নির্মান করে তা বেঁচে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কলকাতা থেকে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। এরপর নিয়ে আসা হয় দিনহাটায়। প্রথম জানা গিয়েছিল পুর আবাস যোজনার কাট মানি সংক্রান্ত মামলা রয়েছে তার বিরুদ্ধে এরপর একে একে শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগে মামলা হয় তারপর ড্রেনের ওপর বিল্ডিং নির্মাণ করে বিক্রির অভিযোগে উঠেছে উদয়ন গুহের বিরুদ্ধে।
গ্রেফতারির পর পুলিশি হেফাজত ও জেল হেফাজতে উদয়ন
কলকাতায় গ্রেফতার করে দিনহাটায় নিয়ে আসার পর আদালতে পেশ করা হলে প্রথমে ছয় দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এরপর একে একে যুক্ত হতে থাকে নতুন মামলা। শারিরীক অবস্থার কারণে জেল হেফাজতে ছিলেন উদয়ন। এরপর ফের পুলিশি হেফাজতে পাঠায় আদালত। আবার শনিবার তাঁকে দিনহাটা আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
চলবে তদন্ত
এদিকে, মামলার তদন্ত এখনও চলমান। তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত থাকবে। আগামী শুনানিতে মামলার অগ্রগতির ওপর নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।