রাজনৈতিক গুঞ্জনের অন্য মেজাজে আমেরিকায় কোয়েল মল্লিক
সব জল্পনার ইতি! বিতর্ক উড়িয়ে মা-বাবাকে নিয়ে সুদূর আমেরিকায় কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক | সংবাদ একলব্য: টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতে ভালোবাসেন। সম্প্রতি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ও আলোচনা চলছে, ঠিক তখনই সমস্ত কোলাহল এড়িয়ে মা-বাবাকে নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিলেন অভিনেত্রী।
গত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই গুঞ্জন ওঠে, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর কোয়েল নিজের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বিগত এক মাস ধরে এই নিয়ে টলিপাড়া থেকে রাজনৈতিক মহল সর্বত্র নানা আলোচনা চললেও, নিজের অবস্থানে অনড় থেকে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন রঞ্জিত-কন্যা।
রাজনীতির ময়দানের জল্পনায় কান না দিয়ে কোয়েল বর্তমানে ব্যস্ত মা-বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে। সমাজমাধ্যমে নিজের আমেরিকা সফরের বেশ কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কখনো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে মা-বাবার সঙ্গে মনোরম সন্ধ্যা উপভোগ করা, আবার কখনো তুতো ভাই-বোনদের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার ছবি ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী। বিমানের ভেতর থেকে নেওয়া তাঁর একটি সেলফিও বেশ নজর কেড়েছে নেটিজেনদের।
কোয়েলের শেয়ার করা ছবিগুলিতে তাঁর দুই সন্তান কাব্য এবং কবীরকে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই টলিউডের অন্দরে ও ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, দুই সন্তানকে শহরে রেখেই কি বিদেশে পাড়ি দিলেন নায়িকা? তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করা কোয়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কাজের ফ্রন্টের কথা বলতে গেলে জানা গেছে, এই মুহূর্তে নতুন কোনো সিনেমার চিত্রনাট্যে সই করেননি কোয়েল। বড় পর্দার বদলে তিনি এখন বেশি মনোযোগ দিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের দিকে। বেশ কিছু নতুন ঘরানার গল্প শুনছেন এবং ওটিটি-র কাজের প্রস্তুতি নিচ্ছেন বলেই খবর রয়েছে।