মাথাভাঙ্গায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের শ্যামাপ্রসাদ স্মারক বক্তৃতা ও সংবর্ধনা কর্মসূচি
তপন বর্মন, মাথাভাঙ্গা: ২৮ জুন, ২০২৬ (রবিবার) সকাল ১১:৩০ মিনিট থেকে কোচবিহার জেলার মাথাভাঙ্গা নজরুল সদনে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM), কোচবিহার জেলার উদ্যোগে “সংগঠন পরিচিতি, শ্যামাপ্রসাদ স্মারক বক্তৃতা ও সংবর্ধনা জ্ঞাপন” কর্মসূচি অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা, আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের মন্ত্রী দীপক বর্মন সহ কোচবিহার জেলার নবনির্বাচিত বিধায়ক ও বিধায়িকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গ প্রান্তের কার্যকরণী সদস্য সাধন কুমার পাল, কোচবিহার জেলা সভাপতি তপন কুমার ভৌমিক, জেলা সম্পাদক মানস কর, বিধায়ক দধিরাম রায়, বিধায়ক সাবিত্রী বর্মন প্রমুখ।
শিক্ষার মানোন্নয়নে বিশেষ বার্তা
অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দীপক বর্মন শিক্ষার উন্নয়নের স্বার্থে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রখ্যাত শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীকে স্মরণ করে সংগঠনের বরিষ্ঠ কার্যকর্তা সাধন পাল একটি বিশেষ স্মারক বক্তৃতা দেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা সভাপতি তপন কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দার ও রজত বর্মা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, তোলাবাজি ও অবৈধ ট্রান্সফারের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলন, দীপ মন্ত্র, সরস্বতী বন্দনা এবং শেষে রাষ্ট্রীয় সংগীত 'বন্দেমাতরম'-এর মাধ্যমে সম্পন্ন হয়।