বিনোদন ডেস্ক, সংবাদ একলব্য: বেশ কিছুদিন ধরেই বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন। জল্পনা চলছিল তুঙ্গে। অবশেষে সমস্ত জল্পনা ও গুঞ্জনে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ বিবৃতি শেয়ার করে সূরযের সঙ্গে আলাদা হওয়ার খবর নিশ্চিত করেছেন মৌনী রায় নিজেই।
ব্যক্তিগত জীবন নিয়ে হতাশ মৌনী:
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে মৌনী রায় লিখেছেন, "সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবনে অনাবশ্যকভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যা দেখে আমরা অত্যন্ত হতাশ। আমরা এটা পরিষ্কার করতে চাই যে, আমরা (মৌনী এবং সূরয) পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও জানান, বিষয়টিকে ব্যক্তিগত স্তরে সামলানোর জন্য তাঁরা কিছুটা সময় নিচ্ছিলেন, কিন্তু তার মাঝেই নানা মনগড়া গল্প ও মিথ্যা কথা ছড়িয়ে তাঁদের জীবনকে শিরোনামে আনার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে বিশেষ অনুরোধ:
কঠিন এই পরিস্থিতিতে নিজের ও সূরযের গোপনীয়তার ওপর জোর দিয়ে 'নাগিন' খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, "আমি সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাদের ব্যক্তিগত জীবন এবং সম্মান বজায় রাখতে দিন। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা খবর ছড়াবেন না। আশা করি, এই কঠিন সময়ে আপনারা সবাই আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন।"
কীভাবে শুরু হয়েছিল এই রূপকথা?
২০১৮ সালে দুবাইতে একটি নিউ ইয়ার পার্টিতে প্রথম আলাপ হয়েছিল মৌনী রায় ও সূরয নাম্বিয়ারের। এরপর দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্রতটে জমকালো অনুষ্ঠানে বাঙালি ও মালয়ালি রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের মাত্র ৪ বছরের মাথায় এই তারকা জুটির রূপকথার মতো সাজানো সংসার ভেঙে যাওয়ায় মন ভেঙেছে তাঁদের অগুনতি ভক্তদের।