শিলিগুড়ি, সংবাদ একলব্য: আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে প্রচারে বেরিয়ে শাসকদলকে কড়া ভাষায় নিশানা করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি, সাইলেন্ট ভোটার এবং বিরোধী প্রার্থীর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সাইলেন্ট ভোটাররা পরিবর্তনের লক্ষণ
সকালবেলার হাওয়া প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে রূপকার্থে শঙ্কর ঘোষ বলেন, "এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের মেজাজ হচ্ছে পরিবর্তনের মেজাজ। সেই মেজাজের হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে।" সাইলেন্ট বা নীরব ভোটারদের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটা বড়সড় রাজনৈতিক ঝড়ের পূর্বলক্ষণ। শাসকদলের দিকে আঙুল তুলে তিনি বলেন, "যারা ভাবছেন ফোন করে থ্রেট করলেই সব ঠিক হয়ে যাবে, তাঁরা ভুল করছেন। ভালোবাসার বিকল্প কখনো ভয় হতে পারে না।" তিনি দৃঢ়তার সাথে জানান, ভোটাররা যথেষ্ট সচেতন এবং তাঁরা ইতিমধ্যেই সরকার পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন।
তৃণমূলের ১৫ বছরের শাসনকাল নিয়ে তীব্র কটাক্ষ
রাজ্যের তৃণমূল সরকারের বিগত ১৫ বছরের শাসনকালকে 'অধঃপতনের ইতিহাস' ও 'অনুন্নয়নের উপন্যাস' বলে তীব্র কটাক্ষ করেন শঙ্কর ঘোষ। বাঙালি সংস্কৃতির অবক্ষয় নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, "যে বাংলা একদিন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গর্ভে গর্বিত ছিল, সেই বাঙালিকে আজ অনুব্রত এবং আরাবুলের পরিচয়ে পরিচিত হতে হচ্ছে! এর থেকে দুর্ভাগ্য বাঙালির কাছে আর কিছু হয়েছে বলে আমার মনে হয় না।"
বিরোধী প্রার্থীর আত্মবিশ্বাসকে বিদ্রূপ
শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী নাকি দাবি করেছেন যে তিনি ইতিমধ্যেই জিতে গেছেন এবং ৫০ শতাংশের বেশি ভোট পাবেন! বিরোধী প্রার্থীর এই ওভার কনফিডেন্স নিয়ে প্রশ্ন করা হলে শঙ্কর ঘোষ শ্লেষের সুরে বলেন, "তৃণমূল কংগ্রেস প্রার্থীর যা বয়স ও মেজাজ, তাতে তিনি এই সমস্ত কথা বলতেই পারেন। তবে উনি যদি জিতেই গিয়ে থাকেন, তাহলে একটু রেস্ট করুন এবং উনাদেরকে কাজ করতে দিন।"
সব শেষে তিনি বিরোধী প্রার্থীকে মনে করিয়ে দেন, "আগামী ৪ তারিখ উনি সোজা সার্টিফিকেট নেওয়ার জন্য লাইনে আসবেন। তবে সেই সার্টিফিকেট তিনি পাবেন কি পাবেন fix না, তা শিলিগুড়ির মানুষই ঠিক করবে।" শঙ্কর ঘোষের এই আত্মবিশ্বাসী মন্তব্য শিলিগুড়ির রাজনৈতিক পারদ যে আরও একধাপ চড়িয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ভোটের সমস্ত ব্রেকিং আপডেট এবং রাজনৈতিক খবরাখবর পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ