Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাহুলের মৃত্যুতে ঘনীভূত রহস্য! সঠিক তদন্তের দাবিতে এবার ওড়িশার তালসারি থানায় এফআইআর দায়ের স্ত্রী প্রিয়াঙ্কা ও প্রসেনজিৎদের

Fir
অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে FIR প্রসেনজিৎ দের

তালসারি, সংবাদ একলব্য: ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জনপ্রিয় বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। তবে এই মৃত্যুকে ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা প্রযোজনা সংস্থার গাফিলতি রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 


অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পথে নামলো টলিউড ইন্ডাস্ট্রি


অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এবার পথে নামল টলিউড ইন্ডাস্ট্রি। শনিবার গভীর রাতে ওড়িশার তালসারি থানায় গিয়ে দ্বিতীয় দফার এফআইআর (FIR) দায়ের করলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। এই কঠিন সময়ে তাঁর পাশে থাকতে সুদূর ওড়িশায় ছুটে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত।

রাহুলের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনের দাবিতে শনিবার সকাল থেকেই সরব ছিল 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম' (Artists Forum)। ফোরামের পক্ষ থেকে এদিন কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এরপর শিল্পীরা কলকাতার রিজেন্ট পার্ক থানায় গিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, শুটিং স্পটে শিল্পীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, তাই এই মর্মান্তিক ঘটনার একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

কলকাতায় পুলিশের দ্বারস্থ হওয়ার পর, শনিবার রাতেই তদন্তের দাবিতে সরাসরি ঘটনাস্থল ওড়িশায় পাড়ি দেন টলিউডের প্রতিনিধিরা। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত তালসারি থানায় গিয়ে পৌঁছন। সেখানে আইনি নিয়ম মেনে দীর্ঘক্ষণ ধরে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলে। রাত প্রায় ২টো নাগাদ তাঁরা থানার কাজ সম্পূর্ণ করে বের হন। রাহুলের মৃত্যুর প্রকৃত রহস্য সন্ধানে কলকাতার পর এটিই দ্বিতীয় দায়ের হওয়া এফআইআর।

রাহুলের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি প্রসেনজিতের

তালসারি থানায় অভিযোগ দায়ের করার পর গভীর রাতেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে বিকেলে আমরা কলকাতা থেকে রওনা দিয়ে রাতে তালসারিতে আসি। আইনি নিয়ম মেনেই অভিযোগ করতে একটু সময় লাগে। আমরা আশা করব পুলিশ এই মৃত্যুর সঠিক তদন্ত করবে।"

রাহুলের এই মর্মান্তিক পরিণতি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ওড়িশা পুলিশের তদন্তে দ্রুতই প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করছেন প্রয়াত অভিনেতার পরিবার, সহকর্মী এবং অগণিত অনুগামীরা।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code