সুরশ্রী ব্যানার্জী, বালি: রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক ডামাডোলের মধ্যে ফের একবার চড়া সুরে শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপিকে একহাত নিলেন ডিওয়াইএফআই (DYFI) রাজ্য সম্পাদিকা তথা বামেদের লড়াকু নেত্রী মীনাক্ষী মুখার্জি। শুক্রবার, ২৪ এপ্রিল বালি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী কমরেড শঙ্কর মৈত্রের সমর্থনে আয়োজিত এক সুবিশাল নির্বাচনী প্রচার এবং পথসভায় উপস্থিত হয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—বামপন্থীরা মানুষের অধিকার এবং রুটি-রুজির লড়াইয়ে বিশ্বাসী, দুর্নীতির রাজনীতিতে নয়।
মাটি কামড়ে পড়ে থাকার জেদ
এদিন বালির লাল-পতাকা ঘেরা মঞ্চ থেকে নিজের স্বভাবসিদ্ধ তেজি মেজাজে বক্তব্য রাখেন মীনাক্ষী। আগামী ৫ বছরের জন্য বিধানসভায় কারা মানুষের হয়ে কথা বলবে, তা নির্ধারণের এই লড়াইকে তিনি 'আত্মবিশ্বাস এবং জেতার খিদের লড়াই' বলে আখ্যা দেন। তিনি বলেন, “এ লড়াইয়ে যেমন আবেগ থাকবে, তেমনই আত্মবিশ্বাস থাকবে। এ লড়াইয়ে জেতার খিদে থাকবে। বুথে নিজের পাড়াতে দাঁতে দাঁত চেপে, মাটি কামড়ে পড়ে থাকার একটা জেদ লাগবে। প্রয়োজনে আক্রমণ এলে পাল্টা জবাব দিতে হবে।”
শাসকদল ও বিজেপিকে তীব্র আক্রমণ
বক্তব্যের একটি বড় অংশ জুড়ে তিনি রাজ্যের বর্তমান শাসকদল এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, যারা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই আজ মানুষের টাকা লুট করছে। “সরকারি টাকা, সরকারি লোকজন এবং সরকারি কাগজ ব্যবহার করে মানুষের টাকা লুট করছে এরা। যে টাকা দিয়ে আমাদের স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট হওয়ার কথা ছিল, যে টাকা দিয়ে চাকরি হওয়ার কথা ছিল, সেই টাকা আজ বান্ধবীদের খাটের তলা থেকে বেরোচ্ছে!”
মীনাক্ষীর দাবি, বামপন্থীরা এমন একটি রাজনৈতিক দল যারা মানুষকে সাথে নিয়ে লড়তে চায়। অন্যদিকে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “এরা রাজনৈতিক দলের কাজ করছে না, এরা রাজনৈতিক লুটপাটের কাজ করছে। আর এই চোর-দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মাথা নোয়াতে আমরা আসিনি।”
শঙ্কর মৈত্রের সমর্থনে ভোট প্রার্থনা
বালির সিপিআই(এম) প্রার্থী শঙ্কর মৈত্রের সমর্থনে ভোট চেয়ে মীনাক্ষী বলেন, “যে প্রার্থীকে আমরা আপনাদের সামনে দাঁড় করিয়েছি, তিনি কোনো ভাড়াটে সৈন্য নন। তিনি এই রাজ্যের, এই বালির মানুষের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত।” তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আগামী ২৯ এপ্রিল কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিয়ে কমরেড শঙ্কর মৈত্রকে জয়ী করতে। তাঁর কথায়, “বিধানসভার ভেতরে বাইরের লড়াইয়ের গলার আওয়াজ পৌঁছে দিতেই শঙ্করদাকে জেতানো প্রয়োজন।”
রাজ্য রাজনীতি এবং নির্বাচনের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
সাংবাদিক - সুরশ্রী ব্যানার্জী
সাংবাদিক সুরশ্রী ব্যানার্জীর গণমাধ্যম জগতে রয়েছে দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সুরশ্রী প্রিন্ট এবং ডিজিটাল—উভয় মিডিয়াতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দেশ থেকে বিদেশের আনাচে-কানাচে ঘটে চলা নিত্যনতুন খবরের গভীরে গিয়ে প্রতিনিয়ত নতুন কিছু জানার এবং শেখার অবিরাম চেষ্টাই তাঁর সাংবাদিকতা জীবনের মূল চালিকাশক্তি।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ