কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় স্বস্তি পেলেন সাধারণ নাগরিকরা। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বাইক চলাচলের ওপর নির্বাচন কমিশনের জারি করা বিতর্কিত বিধিনিষেধ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনৈতিক বাইক মিছিল বন্ধ করা গেলেও, ব্যক্তিগত প্রয়োজনে বাইক চালানো বা পিলিয়ন রাইডার (বাইকের পেছনে যাত্রী) বসানোর ওপর কোনো ঢালাও নিষেধাজ্ঞা চাপানো যাবে না।
ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি
বৃহস্পতিবার কমিশনকে কড়া বার্তা দেন হাইকোর্টের বিচারপতি। এরপর শুক্রবার মামলার শুনানিপর্বে ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘আইন এবং বাস্তবতার মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। শুধুমাত্র সম্ভাব্য অপরাধের আশঙ্কায় সাধারণ নাগরিকের অধিকার খর্ব করা যায় না। নির্বাচন শান্তিপূর্ণ হওয়া যেমন জরুরি, তেমনি নাগরিক স্বাধীনতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই প্রশাসনের আসল চ্যালেঞ্জ।’’
হাইকোর্টের পর্যবেক্ষণ
সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। কিন্তু সেই ক্ষমতা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করতে হবে। কোনও আইন বা সাধারণ কার্যবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর)-তে বাইক চলাচল পুরোপুরি বন্ধ করার কথা নেই। তাই এই ধরনের পুরোপুরি নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয়। অ্যাপ-নির্ভর বাইকের চালক, গিগ-কর্মী এবং অফিসগামী ব্যক্তিদের ভোটের ৪৮ ঘণ্টা আগেও বাইক নিয়ে চলাচলে ছাড় দিয়েছেন বিচারপতি রাও। তবে জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আইডি কার্ড দেখাতে হবে।
কমিশনের বিধিনিষেধে সংশোধন করলো হাইকোর্ট
শুক্রবার বিচারপতি রাও জানিয়েছেন, বাইক র্যালি নিষিদ্ধ থাকবে। ভোটের ১২ ঘণ্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রী নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে। অ্যাপ-নির্ভর বাইকের চালক, গিগ-কর্মী এবং অফিসগামী ব্যক্তিদের ভোটের ৪৮ ঘণ্টা আগেও বাইক নিয়ে চলাচলে ছাড় দিয়েছেন বিচারপতি রাও। তবে জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আইডি কার্ড দেখাতে হবে।
কমিশনের বিজ্ঞপ্তিতে কি বিধিনিষেধ ছিল
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনো ধরনের বাইক মিছিল করা যাবে না এবং ওই সময়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও চালকের পিছনে কোনো যাত্রী বসানো নিষিদ্ধ। তবে ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়া বা জরুরি প্রয়োজনে বাইক চালানোয় ছাড় দেওয়া হয়েছে। এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে চিকিৎসা, পারিবারিক জরুরি কাজ, শিশুদের স্কুলে পৌঁছে দেওয়া এবং সামাজিক অনুষ্ঠানে যাওয়ার মতো বিষয়গুলো; এমনকি র্যাপিডো বা অন্যান্য অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে না। এছাড়া উল্লিখিত কারণের বাইরে অন্য কোনো বিশেষ প্রয়োজনে ছাড় পেতে হলে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে কমিশন জানিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ