Latest News

6/recent/ticker-posts

Ad Code

জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে বোমাবাজি! আতঙ্কে কাঁটা দিনহাটার বড়নাচিনা, দ্বারস্থ মহকুমা প্রশাসনের

জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে বোমাবাজি! আতঙ্কে কাঁটা দিনহাটার বড়নাচিনা, দ্বারস্থ মহকুমা প্রশাসনের

Dinhata news, Baranachina land dispute, bombing in Dinhata, Cooch Behar police, দিনহাটা সংবাদ, জমি বিবাদ, সংবাদ একলব্য
দিনহাটার বড়নাচিনায় বোমাবাজির প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরে মহিলারা

সমীর হোসেন, সংবাদ একলব্য: কোচবিহার জেলার দিনহাটা শহর সংলগ্ন বড়নাচিনা গ্যাস গোডাউন এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় এক মহিলার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই গোটা এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আতঙ্কে দিন কাটানো এলাকার মহিলারা এদিন একত্রিত হয়ে শান্তি ফিরিয়ে আনার দাবিতে দিনহাটা মহকুমা শাসকের (SDO) দ্বারস্থ হন।

জমি বিবাদের সূত্রপাত

স্থানীয় সূত্রে এবং অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, বড়নাচিনা এলাকার বাসিন্দা শেফালী রানী সরকার দীর্ঘ প্রায় ৪-৫ বছর ধরে কলেজপাড়া এলাকার সঞ্জীব সরকারের কাছ থেকে একটি জমি মৌখিকভাবে লিজ নিয়ে সেখানে চাষাবাদ করে আসছিলেন। বর্তমানে ওই জমিতে তিনি আখের চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই শেফালী দেবী জানতে পারেন যে, জমির মালিক সঞ্জীব সরকার ওই জমিটি দিলদার মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন।

হুমকি, ফসল নষ্ট এবং বোমাবাজি

শেফালী দেবীর অভিযোগ, জমি বিক্রির বিষয়টি জানার পর থেকেই নতুন মালিক দিলদার মিয়া এবং তাঁর দলবল তাঁকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। গত ২৫ ফেব্রুয়ারি ওই জমিতে চাষ করা শেফালী দেবীর সমস্ত আখ গাছ কেটে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার মহিলাদের অভিযোগ, রাস্তা দিয়ে যাতায়াত করার সময় অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পেট্রোল ঢেলে বাড়ি পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এই বিবাদের চরম পরিণতি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। শেফালী দেবীর অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা হয়। পর পর দুটি বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।

ভিলেজ পুলিশের নামে দাদাগিরি!

সবথেকে চাঞ্চল্যকর অভিযোগটি হলো অভিযুক্ত দিলদার মিয়াকে নিয়ে। গ্রামবাসীদের দাবি, দিলদার মিয়া নিজেকে একজন 'ভিলেজ পুলিশ' হিসেবে পরিচয় দিয়ে এলাকায় দাদাগিরি চালাচ্ছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন।

প্রশাসনের দ্বারস্থ মহিলারা

এই ধারাবাহিক হুমকি এবং গভীর রাতে বোমাবাজির পর এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুক্রবার দুপুর দুটো নাগাদ এলাকার মহিলারা একত্রিত হয়ে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের একটাই দাবি, এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনা হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক।

বোমাবাজির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। শুক্রবার সকালেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকতে দেখা যায়। যাতে নতুন করে কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত দিলদার মিয়ার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি, তাই তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

দিনহাটা ও কোচবিহার জেলার সমস্ত লোকাল খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সাংবাদিক সমীর হোসেন

সাংবাদিক - সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code