নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহারের প্রথম সারির নেতা খোকন মিয়া। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে কোচবিহারের রাজনীতিতে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঈদের দিনেই দলবদল
কোচবিহার জেলার একজন সক্রিয় তৃণমূল নেতা হিসেবে দীর্ঘদিন দেখা গিয়েছে খোকন মিয়াকে। এবার তাঁর নতুন গন্তব্য কংগ্রেস। শনিবার ছিল পবিত্র ঈদ-উল-ফিতর। আর এই পবিত্র ঈদের দিনেই জাতীয় কংগ্রেসের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দিলেন তিনি।
মুসলিম প্রার্থী না দেওয়ায় তৃণমূলকে নিশানা
কয়েকদিন আগেই তৃণমূলকে নিশানা করেছিলেন তিনি, কিন্তু তিনি যে দল ছাড়তে চলেছেন তা কোনোভাবেই সে সময় আঁচ করা যায়নি। আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি দল ছাড়লেন। মূলত কোচবিহারের কোনো আসনেই তৃণমূল সংখ্যালঘু বা মুসলিম প্রার্থী দেয়নি, আর তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন খোকন মিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, "কোচবিহার জেলায় নস্যশেখ মুসলিম ভোট পার্সেন্টেজ প্রায় ৩১ শতাংশ। অথচ একজন সংখ্যালঘু মুসলিম প্রার্থী নেই, এটা দুর্ভাগ্যজনক।"
রাজনৈতিক মহলের ধারণা
প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। আগামী ২৩শে এপ্রিল কোচবিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর তার আগে শাসকদল ছেড়ে খোকন মিয়ার এই দলবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই মুসলিম প্রার্থী না দেওয়ায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন উঠছে, তাঁর এই দলত্যাগের ফলে আসন্ন নির্বাচনে কোচবিহারের মুসলিম ভোটে কি বড়সড় কোনো প্রভাব পড়বে? উত্তর মিলবে ভোটবাক্সেই।
কোচবিহার জেলার রাজনীতি এবং উত্তরবঙ্গের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ