নয়াদিল্লি, সংবাদ একলব্য: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম এবং জ্বালানি সংকটের মধ্যেই দেশের সাধারণ মানুষকে বড়সড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর থেকে 'স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি' (Special Additional Excise Duty বা SAED) বা বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক একধাক্কায় লিটার প্রতি ১০ টাকা করে কমিয়ে দেওয়া হলো। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, পেট্রোলের ওপর এই শুল্ক কমিয়ে লিটার প্রতি মাত্র ৩ টাকা করা হয়েছে এবং ডিজেলের ওপর থেকে এই শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার (শূন্য) করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
আগের শুল্ক কাঠামো এবং বর্তমান ছাড়
অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে পেট্রোলের ওপর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি ছিল লিটার প্রতি ১৩ টাকা এবং ডিজেলের ওপর ছিল লিটার প্রতি ১০ টাকা। নতুন সংশোধিত নিয়মে উভয় ক্ষেত্রেই ১০ টাকা করে ছাড় দেওয়ায়, ডিজেলে এখন আর কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে আসতে হবে না এবং পেট্রোলে দিতে হবে মাত্র ৩ টাকা। তবে সরকার স্পষ্ট জানিয়েছে যে, এই সংশোধিত এবং হ্রাসকৃত শুল্কের হার বিদেশে রপ্তানি করা জ্বালানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
কেন এই আকস্মিক সিদ্ধান্ত?
বর্তমানে পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম হু হু করে বাড়ছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz) প্রায় অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে সাপ্লাই চেইন। এই পরিস্থিতিতে দেশের তেল বিপণনকারী কোম্পানিগুলোকে বিপুল ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং সাধারণ মানুষের ওপর থেকে মূল্যবৃদ্ধির বোঝা কমাতেই সরকারের এই পদক্ষেপ।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তাঁর এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন আকাশছোঁয়া, তখন তেল কোম্পানিগুলোর বিপুল পরিমাণ ক্ষতি (পেট্রোলে লিটার প্রতি প্রায় ২৪ টাকা এবং ডিজেলে প্রায় ৩০ টাকা) রুখতে সরকার নিজের কর রাজস্বের ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
সরকারি কোষাগারে প্রভাব
কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (CBIC) চেয়ারম্যান বিবেক চতুর্বেদী জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলের ওপর থেকে এই বিপুল শুল্ক কমানোর ফলে মাত্র এক পক্ষকালের (১৫ দিন) মধ্যে সরকারের প্রায় ৭,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তা সত্ত্বেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই কেন্দ্র এই রাজস্ব ক্ষতি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একদিকে যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ থেকে ১১৯ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে এবং দেশের বেসরকারি তেল সংস্থাগুলো দাম বাড়াচ্ছে, তখন মোদি সরকারের এই শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিঃসন্দেহে আমজনতার কাছে এক বড় স্বস্তির খবর।
জাতীয় অর্থনীতি এবং নিত্যপ্রয়োজনীয় খবরের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ