সোনাগাছিতে দুর্বারের বর্ণাঢ্য বসন্ত উৎসব: উঠে এল স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক অধিকারের দাবি
সুরশ্রী ব্যানার্জী, সংবাদ একলব্য: "রঙের মেলায় দুর্বারের আঙিনায়, উৎসবে মিলুক সকলের প্রাণ" — এই স্লোগানকে সামনে রেখে সোনাগাছিতে উদযাপিত হলো এক আনন্দমুখর বসন্ত উৎসব। দুর্বার মহিলা সমন্বয় কমিটির পরিচালনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৩০/সি, মসজিদ বাড়ি স্ট্রিটে (অবিনাশ ক্লিনিকের সামনে) এই উৎসবের আয়োজন করা হয়। নাচ, গান ও রঙের খেলায় মেতে ওঠার পাশাপাশি এই মঞ্চ থেকে উঠে এল যৌনকর্মীদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক অধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৃত্য পরিবেশনা। দুর্বার মহিলা সমন্বয় কমিটি দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের সন্তানদের জন্য বিনামূল্যে সান্ধ্যকালীন কোচিং ক্লাসের ব্যবস্থা করে আসছে। এই শিক্ষা কেন্দ্রগুলির ছাত্রছাত্রীরাই এদিনের বসন্ত উৎসবে তাদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরে।
স্বাস্থ্য সচেতনতার বার্তা
উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক এবং 'দিশা ফর ক্যান্সার'-এর কর্ণধার ডাঃ অগ্নিমিত্রা গিরি সরকার। তিনি জানান, দুর্বারের সাথে দীর্ঘদিনের যুক্ত থেকে তিনি যৌনকর্মীদের মধ্যে ব্রেস্ট, সার্ভাইক্যাল এবং ওভারিয়ান ক্যান্সারের মতো গুরুতর রোগ নিয়ে নিয়মিত সচেতনতা শিবির পরিচালনা করেন। পাশাপাশি, এখানকার শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অ্যানিমিয়া পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হয়। রঙের উৎসব উপলক্ষে তিনি ক্ষতিকারক রাসায়নিক রঙ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন, কারণ এর ফলে চোখে কনজাংটিভাইটিসের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
দেবী দুর্গার মতো সম্মানের দাবি
অনুষ্ঠানে দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্কর এবং অন্যান্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন ডাঃ চন্দ্রচূড় গোস্বামী। তিনি সমাজের কাছে একটি জোরালো বার্তা দিয়ে বলেন, "যে স্থানের মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয়, সেখানকার মায়েরা কোনোভাবেই সমাজে ব্রাত্য থাকতে পারে না, তাদেরও দেবী দুর্গার মতোই সম্মান প্রাপ্য।"
যৌনকর্মীদের সঠিক পরিচয়পত্র ও অধিকার আদায়ের লড়াই প্রসঙ্গে তিনি জানান যে, অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে দরবার করা হয়েছে। সমাজসেবার সাথে যুক্ত এই মানুষরা যাতে সমাজে তাদের সঠিক আইডেন্টিটি কার্ড ও সম্মান নিয়ে বাঁচতে পারে, তার জন্য নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান।
ইতালি থেকে আগত গবেষকের মুগ্ধতা
এদিনের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ইতালি থেকে আগত গবেষক ও নৃতত্ত্ববিদ ইওলান্দা। তিনি বর্তমানে পিএইচডি করছেন এবং যৌনকর্মীদের অধিকার ও তাঁদের জীবনযাত্রা নিয়ে গবেষণার কাজে দ্বিতীয়বারের জন্য সোনাগাছিতে এসেছেন। গত অক্টোবর মাস থেকে তিনি দুর্বারের সাথে যুক্ত হয়ে কাজ করছেন এবং এখানকার যৌনকর্মীদের আন্তরিকতায় তিনি অত্যন্ত মুগ্ধ।
ইওলান্দা জানান, সমাজের লাঞ্ছনা এবং রাষ্ট্র ও আইনের প্রান্তিককরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যৌনকর্মীরা প্রতিদিন যে কৌশলগুলো অবলম্বন করেন, মূলত সেটাই তাঁর গবেষণার বিষয়। হোলি বা বসন্ত উৎসবকে তিনি ঐক্যের একটি মহান উদযাপন হিসেবেই দেখেন। তাঁর মতে, এই ঐক্যবদ্ধ হওয়াই সোনাগাছির যৌনকর্মীদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে তাঁরা মর্যাদার সাথে বাঁচতে পারেন এবং নিজেদের অধিকারগুলো ছিনিয়ে নিতে পারেন।
সাংবাদিক - সুরশ্রী ব্যানার্জী
২০০০ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর তিনি সুরেন্দ্রনাথ কলেজ এবং কিপ্পা (Kippa) থেকে ডিজিটাল মিডিয়া জার্নালিজমে পড়াশোনা করেন। ২০০৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় মূলত সাহিত্য ও রাজনীতি বিষয়ে দক্ষতার সাথে কাজ করে আসছেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ