Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাতিলের আশঙ্কা! চরম হয়রানির প্রতিবাদে দিনহাটায় নাগরিক কনভেনশনের ডাক

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাতিলের আশঙ্কা! চরম হয়রানির প্রতিবাদে দিনহাটায় নাগরিক কনভেনশনের ডাক

Dinhata News, Voter List Adjudication, Citizens Convention, Election Commission, সংবাদ একলব্য

রাহুল দেব বর্মন, দিনহাটা: ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। 'অ্যাডজুডিকেশন' (Adjudication) বা 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' (Logical Discrepancy)-র নোটিশ ধরিয়ে দিনের পর দিন ঘুরিয়েও বৈধ ভোটারদের নাম তালিকায় তোলা হচ্ছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই প্রাতিষ্ঠানিক হয়রানি এবং ভোটাধিকার হারানোর আশঙ্কার প্রতিবাদে এবার একজোট হলেন দিনহাটার সাধারণ নাগরিকরা। 'দিনহাটা বৈধ ভোটার মঞ্চ'-এর উদ্যোগে আগামী সোমবার, ৯ মার্চ দিনহাটার নৃপেন্দ্র স্মৃতি সদনে এক বৃহত্তর নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।

বানান ভুলের অজুহাতে হয়রানি, নষ্ট হচ্ছে শ্রমদিবস

দিনহাটা বৈধ ভোটার মঞ্চের সদস্যদের অভিযোগ, নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যাদের জন্ম এই মাটিতে, দীর্ঘদিনের বাসিন্দা, তাঁদের নামের বানানে সামান্য ভুল বা পদবিতে 'কুমার' না থাকার মতো ঠুনকো অজুহাতে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র তালিকায় ফেলে দেওয়া হচ্ছে। এরপর হিয়ারিংয়ের নামে বারবার ডেকে পাঠিয়ে সাধারণ মানুষের মূল্যবান শ্রমদিবস নষ্ট করা হচ্ছে। মাসের পর মাস ঘুরে, পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও বহু মানুষের নাম 'অ্যাডজুডিকেশন'-এ ঝুলিয়ে রাখা হয়েছে। এর ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনহাটার হিন্দু, মুসলিম এবং আদিবাসী সমাজের বৈধ নাগরিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

খোদ বিএলও-র নামও 'অ্যাডজুডিকেশন'-এ!

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে বিএলও (BLO) বা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ম্যাপিং এবং তথ্য যাচাইয়ের কাজ করেছেন, তাঁরাও এই হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। সাংবাদিক বৈঠকে উপস্থিত দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের ৩১৮ নং বুথের এক বিএলও নিজের ক্ষোভ উগরে দিয়ে জানান, ১৩ দফা ডকুমেন্টস এবং পাসপোর্ট জমা দেওয়ার পরেও খোদ তাঁর নিজের নাম 'অ্যাডজুডিকেশন'-এ রাখা হয়েছে। তিনি জানান, তাঁর বুথের ৭৬৯ জন ভোটারের মধ্যে ম্যাপিং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও, শুধুমাত্র নামের সামান্য অমিলের কারণে ধাপে ধাপে বহু মানুষকে হিয়ারিংয়ে ডেকে হয়রান করা হয়েছে। বিএলও-রা পোর্টালে সমস্ত তথ্য আপলোড করে 'ওকে' (OK) করার পরেও ওপরমহল থেকে নাম আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

৯ মার্চ নাগরিক কনভেনশন

ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, অথচ ভোটার তালিকা নিয়েই চূড়ান্ত বিভ্রান্তি চলছে। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিক এবং বিএলও-দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা। নির্বাচন কমিশনের এই খামখেয়ালিপনা এবং বৈধ ভোটারদের নাম বাতিলের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই নাগরিক কনভেনশন। আগামী সোমবার নৃপেন্দ্র স্মৃতি সদনে আয়োজিত এই কনভেনশনে দলমত ও ধর্ম নির্বিশেষে সমস্ত ভুক্তভোগী নাগরিক এবং বিএলও-দের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে 'দিনহাটা বৈধ ভোটার মঞ্চ' এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দিনহাটা ও কোচবিহারের সমস্ত স্থানীয় খবর সবার আগে পেতে চোখ রাখুন: sangbadekalavya.in

সাংবাদিক রাহুল দেব বর্মন

সাংবাদিক - রাহুল দেব বর্মন

জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code