দিনহাটায় মর্মান্তিক দুর্ঘটনা, কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় নির্মীয়মাণ বিল্ডিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। রবিবার বিকেলের ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এরপর গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া আরও গভীর হয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিট নাগাদ ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ চলার সময় মিক্সার লিফটটি আচমকাই ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে মিক্সার মেশিন এবং লিফটটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে মৃত ৫ শ্রমিকের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন: ১) মুকুল বর্মন (২৯), পিতা- অর্জুন বর্মন, ঠিকানা- বাইশগুড়ি, ভেটাগুড়ি। ২) রাজু সেন, পিতা- চন্দ্র মোহন সেন, ঠিকানা- ওকরাবাড়ি। ৩) মিঠুন পাল, ঠিকানা- বুড়িরহাট। ৪) সুমন। ৫) সঞ্জয় বর্মন, পিতা- শশীধর বর্মন, ঠিকানা- সিঙ্গিহানি, ভেটাগুড়ি।
ঘটনার আকস্মিকতায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার এক স্থানীয় বাসিন্দা (যিনি পেশায় পানের দোকানদার) জানান, কাজ চলাকালীন হঠাৎ করেই তাঁরা দুর্ঘটনার কথা জানতে পারেন। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ স্থানীয়রা।
নির্মাণকাজ চলাকালীন কীভাবে এত বড় গাফিলতি হলো এবং শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা কেন ছিল না, তা নিয়ে ইতিমধ্যেই জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ