কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙচুর! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
রাহুল দেব বর্মন, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল কোচবিহারে (Cooch Behar)। বুধবার সন্ধ্যায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র (Parivartan Yatra) একটি রথ ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, খাগড়াবাড়ি এলাকায় রথটিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় রথের চালক-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে!
কী বলছেন বিজেপি নেত্রী?
ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেত্রী মিনতি দাস ইশোর (Minati Das Ishor) বলেন, "কালকে আমাদের পরিবর্তন যাত্রা। তৃণমূল ভয় পেয়েছে, তাই সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে তৃণমূলের কিছু হার্মাদ আমাদের রথে অ্যাটাক করে।" তিনি আরও জানান, খাগড়াবাড়িতে রথটি রাখার জন্য নিয়ে যাওয়ার সময় এই হামলা হয়। রথের চালক এবং দলের দুজন কার্যকর্তাকেও ব্যাপক মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এইভাবে বিজেপিকে রোখানো যাবে না। সাধারণ কর্মীদের ওপর হামলা না করে সামনাসামনি লড়াইয়ের ময়দানে আসুক তৃণমূল।"
তৃণমূলের পাল্টা জবাব
বিজেপির সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সায়নদীপ গোস্বামী (Sayandeep Goswami) ফোনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "বিজেপি রাজনৈতিক স্বার্থে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।" তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি আসনেই তৃণমূল জিততে চলেছে, তাই বিজেপি এই ধরনের অভিযোগ এনে অকারণে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে!
প্রেক্ষাপট ও আগামী কর্মসূচি
প্রসঙ্গত, গত ১লা মার্চ কোচবিহারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেছিলেন। সেই কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৫ই মার্চ শীতলকুচি (Sitalkuchi) বিধানসভা এলাকায় এই রথ নিয়ে পরিক্রমা করার কথা ছিল। কিন্তু তার ঠিক আগেই এই ভাঙচুরের ঘটনায় কোচবিহারের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
Visit Our Website For More Update: sangbadekalavya.in
সাংবাদিক - রাহুল দেব বর্মন
জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ