বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে তীব্র ক্ষোভ, দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন আদিবাসী কর্মীরা

Madarihat BJP candidate protest, Lakshman Limbu, Alipurduar news, West Bengal Election 2026, Manoj Tigga, Birpara BJP party office locked, মাদারিহাট বিজেপি প্রার্থী বিক্ষোভ, বীরপাড়া, সংবাদ একলব্য
মাদারিহাটে বিজেপির প্রার্থী ঘোষণার পর বীরপাড়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

অমিত বনিক, আলিপুরদুয়ার: আসন্ন নির্বাচনের মুখে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দলের অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি বিজেপি নেতৃত্ব মাদারিহাটের প্রার্থী হিসেবে লক্ষ্মণ লিম্বুর নাম ঘোষণা করে। আর এই ঘোষণার পরই শুক্রবার মাদারিহাট বিধানসভার অন্তর্গত বীরপাড়ায় ১ নম্বর মণ্ডলের বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। আদিবাসী সম্প্রদায়ের কর্মী-সমর্থকরা রীতিমতো প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

'বহিরাগত' প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ

দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা এবং এলাকায় সক্রিয় থাকা নেতাদের উপেক্ষা করে এই প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ কর্মীরা। তাঁদের মূল ক্ষোভ, আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে কেন এমন একজনকে প্রার্থী করা হলো, যাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিক্ষোভরত এক কর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের এসটি সম্প্রদায়ের, ওঁরাও, মুন্ডা, রাভা, মেচ—এই সব আদিবাসীদের অরজিনাল এসটি সার্টিফিকেট আছে। আমরা এখানে ৬৫ থেকে ৭০ শতাংশ। আর আমাদের রিজার্ভ সিটকে আজ দার্জিলিং থেকে কোনও গোর্খাল্যান্ডের দালাল এসে মাদারিহাটের ফয়সালা করবে? আমরা মানব না।"

ভোট বয়কট ও নির্দল হিসেবে দাঁড়ানোর হুঁশিয়ারি

তিনি আরও বলেন, "আমরা কোনও বুথ লাগাব না, পোলিংয়েও যাব না, ভোটও হতে দেব না। কোনও বিজেপি নেতার মাইকা লালে যদি দম থাকে তো বীরপাড়ান নদী পার হয়ে দেখাক, আমি আটকে দেখাব। আমরা এত বছর ধরে জান-প্রাণ, বউ-বাচ্চা ছেড়ে দলের কাজ করলাম, আর আজ পয়সার লোভে অন্যের হাতে টিকিট দেওয়া হলো? আমাদের আদিবাসীদের রিজার্ভ সিট আজ বিপদের মুখে।"

বিক্ষুব্ধ ওই কর্মীর গলায় তীব্র অভিমানও ঝরে পড়ে। তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে নিজে রক্ত দিয়েছি, মানুষের সেবা করেছি। আর আজ দুধ থেকে মাছির মতো আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এর জবাব মনোজ টিগ্গা আর সুরেশ সাউ-কে দিতে হবে। আমরা এই প্রার্থীকে বয়কট করছি।"

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি লক্ষ্মণ লিম্বুর টিকিট পরিবর্তন না হয়, তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি নিজে নির্দল হিসেবে দাঁড়াব এবং দেখিয়ে দেব আমাদের আদিবাসীদের কী ক্ষমতা। ২০২৬ সালে যদি প্রার্থী বদল না হয়, তাহলে আমরা প্রমাণ করে দেব যে এখানকার আসল শক্তি কারা।"

দলীয় কার্যালয়ে তালা ও শীর্ষ নেতৃত্বের নীরবতা

এদিন বীরপাড়ার দলীয় কার্যালয়ের সামনে কর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনায় গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষুব্ধ কর্মীদের একটাই দাবি, লক্ষ্মণ লিম্বুকে প্রার্থী পদ থেকে অবিলম্বে সরিয়ে এমন একজনকে মনোনয়ন দিতে হবে, যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং আদিবাসী মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় আদিবাসী সম্প্রদায়ের এই প্রকাশ্য বিদ্রোহ এবং অভ্যন্তরীণ অসন্তোষ মাদারিহাটে বিজেপির ভোটব্যাংকে বড়সড় প্রভাব ফেলতে পারে।

উত্তরবঙ্গের রাজনীতি ও নির্বাচনের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সাংবাদিক-অমিত বনিক

জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে যুক্ত। ২০২০ সাল থেকে তিনি সংবাদ একলব্যের সাথে যুক্ত রয়েছেন।

editor@sangbadekalavya.in