মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের, বসিরহাটে তুমুল রাজনৈতিক উত্তেজনা
বসিরহাট, সংবাদ একলব্য: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেতুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই কর্মসূচিতে এসে হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
মঞ্চে উপস্থিত ছিলেন হেভিওয়েট নেতারা
জানা গিয়েছে, ওই কর্মসূচির মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও মহিলাদের ভাতা নিয়ে এমন এক মন্তব্য করে বসেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।
কী বক্তব্য রেখেছেন অসীম সরকার?
প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, "যারা ভাতা পাচ্ছেন, তারা ভাতার হতে পারবেন না। ভাতার হবেন কী করে?" তাঁর এই শব্দচয়ন ও মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক মহল অভিযোগ তুলেছে যে, সুকৌশলে রাজ্যের নারী ও যুবসমাজকে চরম অসম্মান করা হয়েছে।
তৃণমূলের তীব্র প্রতিবাদ
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছে। স্বরূপনগর দক্ষিণ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব পাল বলেন, "বাংলার নারীসমাজকে এভাবে প্রকাশ্য মঞ্চ থেকে অপমান করা যায় না। যারা বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছেন, তাদের এমন ভাষায় অসম্মান করা অত্যন্ত নিন্দনীয়।" তিনি আরও বলেন, "বাংলার নারী ও যুবসমাজকে অসম্মান করার রাজনীতি মানুষ মেনে নেবে না। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ইভিএমের মাধ্যমে এর যোগ্য জবাব দেবে।"
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসিরহাট এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিধায়কের মন্তব্যকে ঘিরে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে।
কী বলেছেন বিধায়ক অসীম সরকার? দেখুন ভিডিও:
রাজ্য রাজনীতির প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ