বিধানসভায় উদয়ন গুহকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, দিনহাটায় হারানোর চ্যালেঞ্জ পাল্টা জবাব মন্ত্রীর
বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে নিশানা করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনহাটায় উদয়ন গুহকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
জানা গিয়েছে শুভেন্দু অধিকারী উদয়ন গুহের পারিবারিক প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন বলে অভিযোগ। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানান উদয়ন গুহ। তিনি বলেন, “আমি নাকি আমার বাবাকে চোর বলেছি এটা শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে। আমি রাজনৈতিক কারণে আমার বাবার সমালোচনা করেছি ঠিকই, কিন্তু তাঁকে কখনও চোর বলিনি।”
এখানেই থেমে থাকেননি উদয়ন গুহ। তিনি পাল্টা আক্রমণ করে বলেন, “শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর ছেলে। অথচ তিনি বলেন তিনি নাকি মোদির ব্যাটা। তাঁকে আগে বলতে হবে তিনি আসলে কার ব্যাটা।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই বাকযুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ আরও বাড়তে পারে বলেও মত তাঁদের।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এক সময়ে তিনি বামফ্রন্ট নেতা ছিলেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এখন দিনহাটার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি তিনি। তাঁর বাবা ছিলেন কমল গুহ। বামফ্রন্টের একনিষ্ঠ নেতা। বাম আমলে কমল গুহ ছিলেন দিনহাটার বামফ্রন্টের কাণ্ডারি। তিনি সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। তিনি বিশেষভাবে কৃষি ও কৃষক স্বার্থ রক্ষার রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊