টোটো-বাইকের সংঘর্ষে মৃত্যু পৌর কর্মীর, এলাকায় শোকের ছায়া
পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে টোটো ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল বর্ধমান পৌরসভার এক স্বাস্থ্যকর্মীর। এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ নেড়দিঘী পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি টোটোর বেপরোয়া চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, মৃতের নাম জাহিরুদ্দিন খাঁ। তিনি বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন। বর্ধমান ১ ব্লকের সহ সভাপতি সেখ মালেক জানান, এদিন দুপুরে জাহিরুদ্দিন খাঁ বর্ধমান থেকে দেওয়ানদিঘী থানার ভিটে সোনাপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় নেড়দিঘী পেট্রল পাম্পের কাছে একটি যাত্রীবাহী টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকের উপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। এরপর ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে দুর্ঘটনার পর সুযোগ বুঝে টোটো চালক টোটো নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ