প্রেমের টানে সীমান্ত পেরোতে গিয়ে ধরা, নদীয়ায় বিএসএফ ও পুলিশের জালে তামিলনাড়ুর তরুণী
প্রেমের টানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে বিএসএফ ও পুলিশের হাতে ধরা পড়লেন তামিলনাড়ুর এক তরুণী। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্ত এলাকায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে টহলরত জওয়ানদের নজরে পড়তেই কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ওই তরুণীকে আটক করা হয়। রাত প্রায় দেড়টা নাগাদ বিএসএফ তরুণীকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীর নাম ভিনিতা এল (২১)। তাঁর বাড়ি তামিলনাড়ুতে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সামাজিক মাধ্যমে বাংলাদেশের এক যুবকের সঙ্গে আলাপ থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন তিনি।
এই ঘটনার সঙ্গে মানবপাচার বা অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কীভাবে ওই তরুণী তামিলনাড়ু থেকে নদীয়ার সীমান্ত এলাকায় পৌঁছলেন, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
সীমান্ত নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রেমের টানে সীমান্ত পেরোনোর এই ঘটনা শেষ পর্যন্ত কাঁটাতারের বাধাতেই থেমে গেল বলে মনে করছেন তদন্তকারীরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊