শিক্ষার আনন্দে বদলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়, উদ্যোগে মুগ্ধ অভিভাবক ও পড়ুয়ারা
পশ্চিম মেদিনীপুর: কাজের প্রতি সততা ও অধ্যাবসায় থাকলে কর্মক্ষেত্র যে স্বপ্নের জায়গা হয়ে উঠতে পারে, তারই অনন্য উদাহরণ গড়ে তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার কমরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। মাত্র ৪৫ জন ছাত্রছাত্রী এবং তিনজন শিক্ষক নিয়ে এই ছোট্ট বিদ্যালয় এখন এলাকায় শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বিদ্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে রঙিন ও আকর্ষণীয় পরিবেশ। দেওয়ালে সাঁটানো রয়েছে দেশের মহান ব্যক্তিত্ব, ফুল, ফল, পাখি, এমনকি দেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবিও। ফলে পড়াশোনার চাপ নয়, বরং খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরি হয়েছে খুদে পড়ুয়াদের জন্য।
এই বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ ডিজিটাল ক্লাসরুম। সেখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যাসাগর মহাশয়সহ বিভিন্ন মনীষীর জীবনীভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়। এছাড়াও বিদ্যালয় চত্বরে লাইটিং ও ট্রাফিক সিগন্যালের মাধ্যমে শিশুদের পথচলার নিয়ম শেখানো হয়। গ্রহ-নক্ষত্রের গতিবিধিও বড় বৃত্ত এঁকে খেলার ছলে শেখানো হচ্ছে পড়ুয়াদের।
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রাথমিক স্তরেই শিশুদের শিক্ষার ভিত তৈরি হয়। তাই পড়াশোনাকে যাতে তাদের কাছে বোঝা মনে না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রঙিন দেওয়ালচিত্র ও ডিজিটাল শিক্ষার মাধ্যমে সহজেই পড়াশোনার বিষয়গুলি শিশুদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে অনেক অভিভাবক সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেই পরিস্থিতিতে এই নতুন উদ্যোগ শিশুদের আকৃষ্ট করছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। খেলার ছলে শেখার এই পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের ভিত আরও মজবুত করবে বলেও আশাবাদী শিক্ষকরা।
বিদ্যালয়ের পরিকাঠামো এবং শিক্ষাদানের পদ্ধতিতে সন্তুষ্ট অভিভাবকরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার কোনও ছাত্রছাত্রীই পড়াশোনার জন্য সরকারি স্কুল ছেড়ে অন্যত্র যায়নি। ফলে কমরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখন এলাকায় শিক্ষার এক অনুকরণীয় মডেল হিসেবে উঠে এসেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ