Pratik Ur Rahman: তৃণমূলে কেন? কী বললেন প্রতীক উর রহমান?
লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের টিকিটে লড়াই করেছিলেন তিনি। আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তরুণ বাম নেতা প্রতীক উর রহমান। শনিবারের এই যোগদান পর্বে প্রথমেই নিজের দলবদলের কারণ স্পষ্ট করেন প্রতীক উর, এরপর দীর্ঘ বক্তব্যে সিপিএমের কড়া সমালোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে কেন? কী বললেন প্রতীক উর রহমান? যোগদান পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রতীক উর রহমান স্পষ্ট জানান যে, গোটা ভারতবর্ষে বিজেপি যেভাবে মানুষের কণ্ঠরোধ করছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্যই তিনি তৃণমূলে এসেছেন । তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য তৃণমূল কংগ্রেসই বর্তমানে সবচেয়ে বড় শক্তি।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁর দলত্যাগ প্রসঙ্গে 'সন্তান হারানোর যন্ত্রণা'র কথা বলেছিলেন। এর কড়া জবাব দিয়ে প্রতীক উর বলেন, "পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণা, আমার আর কিছু বলার নেই"। তিনি আরও অভিযোগ করেন যে, দলে তাঁর দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তিনি বারবার কথা বলার চেষ্টা করলেও শীর্ষ নেতৃত্ব দরজা খোলেননি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তব্য ও সিপিএমকে নিশানা
প্রতীক উরকে স্বাগত জানিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানান, সিপিএমের যে নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাস্তায় নেমে লড়াই করছেন, প্রতীক উর তাঁদের মধ্যে অন্যতম। তিনি কটাক্ষ করে বলেন যে, কিছু তরুণ নেতা রাস্তায় লড়াই করলেও, বাকি সিপিএম নেতারা কেবল টিভির পর্দায় আর সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছেন।
অভিষেক সিপিএমের দ্বিচারিতা নিয়ে তীব্র আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন, কোন আদর্শের ভিত্তিতে সিপিএম কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়ে আর বাংলায় কংগ্রেসের সাথে জোট করে? কোন আদর্শের ভিত্তিতে তারা গরিব মানুষের জন্য চালু হওয়া 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পকে 'ভিক্ষা' বলে কটাক্ষ করে?
সিপিএমের সমালোচনার জবাবে অভিষেক জানান যে, তৃণমূলের নির্দিষ্ট আদর্শ রয়েছে, আর তা হলো 'ওয়েলফেয়ারিজম' বা জনকল্যাণবাদ। প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, মহিলাদের স্বনির্ভর করা এবং সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের মূল আইডিওলজি।
সোশ্যাল মিডিয়ায় সিপিএম সমর্থকদের দাবি ছিল, বিধানসভা নির্বাচনের টিকিটের বিনিময়ে তৃণমূলে 'ডিল' করেছেন প্রতীক উর। এই দাবি নস্যাৎ করে অভিষেক বলেন, প্রতীক উর নিজে তাঁকে জানিয়েছেন যে দল টিকিট দিলেও তিনি নেবেন না, তিনি কেবল সংগঠনে কাজ করতে চান । যাঁদের রাজনীতি থেকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই, তাঁদের সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি ।
পরিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাম শিবিরের সেই সমস্ত তরুণ নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার খোলা আহ্বান জানান, যাঁরা একবুক আশা নিয়ে রাজনীতিতে এলেও দলে যোগ্য সম্মান পাচ্ছেন না বা দমবন্ধ করা পরিস্থিতিতে রয়েছেন । তিনি প্রতিশ্রুতি দেন যে, মানুষের জন্য কাজ করতে চাইলে তৃণমূল তাঁদের উপযুক্ত সুযোগ দেবে ।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊