Pratik Ur Rahman: ভোটের আগে অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান
সিপিএমে জোর ধাক্কা। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়াফুলে প্রতীক উর রহমান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরেই শাসক দলে যোগ দেন তিনি। দলবদলের এই ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কাস্তে-হাতুড়ির প্রতীক ছেড়ে জোড়াফুলে যোগ দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ভোটের মুখে এই যোগদান বাম শিবিরের সংগঠনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।
শনিবার আমতলায় সাংসদের কার্যালয়ে সামনে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। সেই অভিষেকের হাত ধরেই জোড়াফুল শিবিরে যোগ দিলেন প্রতীক।
সপ্তাহখানেক ধরে প্রতীক উর রহমান আলোচনার কেন্দ্রে। তাঁর একটি চিঠি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই চিঠিতে প্রতীক উর রাজ্য কমিটি, জেলা কমিটি এমনকী দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চাওয়ার কথা উল্লেখ করেন। তৃণমূলে যোগদানের জল্পনা চলছিল। এবার যোগ দিলেন তৃণমূলে।
এর আগে রাস্তায় দাঁড়িয়ে কোনও নেতা তৃণমূলে যোগদান করেননি। কেন পথে দাঁড়িয়ে তৃণমূলে যোগদান করলেন প্রতীক-উর? অভিষেক বলেন, ‘‘প্রতীক-উর পথ দেখাল সিপিএম যেন পথে নামে।’’ আর প্রতীক-উর বললেন, ‘‘এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।’’
চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েছিলেন তিনি। ঘটনাচক্রে বছর দুয়েক পর সেই ‘বিরোধী’ অভিষেকই হলেন রাজনৈতিক সহযোদ্ধা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ