ভাগ নকভি ভাগ! বাবরদের দুঃসহ ব্যাটিং সহ্য করতে না পেরে মাঝপথেই পালালেন PCB প্রধান
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ফের একবার ভরাডুবি পাকিস্তানের। আর মাঠের মধ্যে বাবর আজমদের সেই চরম লজ্জাজনক পারফরম্যান্স সহ্য করতে না পেরে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। চরম হতাশা আর লজ্জার জেরে তাঁর এই স্টেডিয়াম ছাড়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শ্রীলঙ্কায় আয়োজিত রবিবারের এই মহারণের দিকে নজর ছিল গোটা ক্রিকেটবিশ্বের। এমনিতে সাম্প্রতিক সময়ে ভারত-পাক ম্যাচের সেই পুরনো হাড্ডাহাড্ডি লড়াই খুব একটা দেখা যায় না। তবে এবারের উত্তেজনার পারদ চড়িয়েছিলেন খোদ পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজেই। ম্যাচের আগে তিনি বয়কটের ডাক দিয়ে একপ্রস্ত নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিলেন। যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে এসে তিনি রবিবার দল নামাতে বাধ্য হন। কিন্তু মাঠে নেমে সলমান আলি আঘারা যে জঘন্য ক্রিকেটের নিদর্শন রাখলেন, তা দেখে নকভির হয়তো মনে হয়েছে, বয়কটের সিদ্ধান্তে অনড় থাকলেই সম্মান বাঁচত!
বয়কট নাটকের পর এই ম্যাচটি মহসিন নকভির কাছে কার্যত 'প্রেস্টিজ ইস্যু' হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দলের এমন হতশ্রী দশা তিনি মেনে নিতে পারেননি। জানা গিয়েছে, পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটতেই আর ধৈর্য ধরে রাখতে পারেননি তিনি। সোজা ভিআইপি বক্স থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরেই স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়।
এদিন ভিভিআইপি বক্সের চিত্রটাও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা নকভির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই বসেছিলেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, যুগ্মসচিব দেবজিৎ শইকিয়া এবং আইসিসি সভাপতি জয় শাহ একসঙ্গে বসে খেলা উপভোগ করেন। তাঁদের থেকে বেশ কিছুটা দূরে একা বসেছিলেন পিসিবি প্রধান। একদিকে দলের চরম ভরাডুবি, অন্যদিকে ভিআইপি বক্সের এই একাকীত্ব—সব মিলিয়ে সম্মান বাঁচাতে মাঝপথেই পলায়নের পথ বেছে নেন পাক বোর্ডের প্রধান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ