Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয় বাড়াতে একগুচ্ছ উদ্যোগ! কোচবিহারে একাধিক পরিকাঠামোর উদ্বোধন

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয় বাড়াতে একগুচ্ছ উদ্যোগ! কোচবিহারে একাধিক পরিকাঠামোর উদ্বোধন

NBSTC, North Bengal State Transport Corporation, Partha Pratim Roy, Cooch Behar News, Bus Stand Inauguration, NBSTC Revenue, West Bengal Transport, Smart Card NBSTC, কোচবিহার সংবাদ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, পার্থপ্রতিম রায়, কোচবিহার বাস স্ট্যান্ড।

সম্রাট দাস, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) আয় বাড়াতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে একগুচ্ছ অভিনব উদ্যোগ গ্রহণ করল নিগম। শুক্রবার কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে নতুন ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং নির্মাণসহ একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অব্যবহৃত জমি ও ভবনগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে নিগমের নিজস্ব আয় বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে এদিন তিনি জানিয়েছেন।


নিগমের নিজস্ব তহবিলের প্রায় ৭১ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এদিন পুরানো ভবন সংস্কার করে এবং কাঠের একটি পুরোনো বিল্ডিং ভেঙে নতুন ট্রাফিক কন্ট্রোল রুম, যাত্রীদের বসার জায়গা, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচালয় এবং গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন করা হয়। এর পাশাপাশি, প্রায় ২১ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে কোচবিহার রিক্রিয়েশন ক্লাব বিল্ডিংয়েরও আধুনিকীকরণ করা হয়েছে। সেখানে নতুন ডাইনিং স্পেস, রান্নাঘর এবং সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে।


চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নিগমের আয় বাড়াতে সেন্ট্রাল বাস টার্মিনাস ও মালদার মতো জায়গায় পড়ে থাকা অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলিকে সরকারি নিয়ম মেনে ৫ থেকে ১০ বছরের চুক্তিতে লিজ দেওয়া হবে। যে হলঘরে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়, সেটিও বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে ন্যূনতম ৩০ হাজার টাকা বেস প্রাইস রাখা হলেও, বাজারদর অনুযায়ী তা থেকে মাসে অন্তত ৫০-৬০ হাজার টাকা রাজস্ব আদায় হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে রিক্রিয়েশন ক্লাব বিল্ডিংটিকে বিয়ের বাড়ি বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভারত পেট্রোলিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে একটি পেট্রোল পাম্প এবং সিএনজি (CNG) আউটলেট তৈরির কাজও চলছে, যার সম্পূর্ণ মালিকানা থাকবে নিগমের হাতেই। এখান থেকে নিগমের নিজস্ব গাড়ি ছাড়াও সাধারণ মানুষের কাছেও জ্বালানি বিক্রি করা হবে।


আগামী ২৬শে ফেব্রুয়ারি যাত্রীদের সুবিধার্থে আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল যাত্রীদের জন্য 'স্মার্ট কার্ড' (Smart Card) পরিষেবা চালু করা। এছাড়াও নিগমের হেরিটেজ ভবনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি হাতির লোগো যুক্ত নতুন তোরণ নির্মাণ করা হচ্ছে, যার নকশা করেছেন প্রখ্যাত ভাস্কর অশিত কুমার সাঁই।


পাশাপাশি, প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পরিবহন ভবনের পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এই মেগা প্রজেক্টটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আগামী ২৭শে ফেব্রুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিগমের আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কাজের খতিয়ান এবং ভবিষ্যৎ রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলেও চেয়ারম্যান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code