দিনহাটায় ভূগোল পরীক্ষার দিন মোবাইল-সহ হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী
দিনহাটা : রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের কড়া নির্দেশিকা সত্ত্বেও ফের মোবাইল-সহ পরীক্ষার্থী ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। আজ, মাধ্যমিকের চতুর্থ দিনে ভূগোল পরীক্ষা চলাকালীন দিনহাটা ২ নং ব্লকের বামনহাট উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত পরীক্ষার্থী চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। আজ বামনহাট উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছিল। পরীক্ষা চলাকালীন ওই ছাত্রের আচরণে সন্দেহ জাগে পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটরদের। তাঁরা ছাত্রটির ওপর বিশেষ নজর রাখতে শুরু করেন। কিছুক্ষণ পর ওই পরীক্ষার্থী শৌচাগারে যাওয়ার নাম করে ক্লাসরুম থেকে বের হয়। সন্দেহবশত একজন ইনভিজিলেটর তার পিছু নেন।
শৌচাগারের কাছে পৌঁছে ইনভিজিলেটর দেখতে পান, ওই ছাত্রটি একটি মোবাইল ফোন ব্যবহার করছে। শিক্ষককে দেখামাত্রই তড়িঘড়ি মোবাইলটি শৌচাগারের পেছনে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে সে। কিন্তু ততক্ষণে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত বিদ্যালয় চত্বরে উপস্থিত হন মাধ্যমিক ২০২৬-এর জেলা কনভেনার জয়ন্ত পাল এবং তাঁর পর্যবেক্ষক দল। পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁরা তৎক্ষণাৎ ওই ছাত্রের আজকের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে জেলা কনভেনার জয়ন্ত পাল জানান, "ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা ইতিমধ্যেই বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের নজরে এনেছি। পর্ষদ যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে।"
ঘটনার পর ওই পরীক্ষার্থীকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি এবং তাকে তার অভিভাবকদের ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন না উঠলেও, পরীক্ষার্থীদের সচেতনতা নিয়ে আবারও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ