Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভয়ার জন্মদিনে জলপাইগুড়িতে মহা-সমাবেশ, বিচার চাইতে দিল্লি চলোর ডাক অভয়া মঞ্চের

অভয়ার জন্মদিনে জলপাইগুড়িতে মহা-সমাবেশ, বিচার চাইতে দিল্লি চলোর ডাক অভয়া মঞ্চের

Abhaya Andolan, Jalpaiguri Abhaya Mancha, Justice for Abhaya, 9th February Convention, Jalpaiguri News, North Bengal Protest, Delhi Jantar Mantar Protest, Dr Sudipan Mitra, Abhaya Case Update, West Bengal Junior Doctors Front.

জলপাইগুড়ি: আর জি কর কাণ্ডের বিচার এবং নারী সুরক্ষার দাবিতে আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবার উত্তরবঙ্গ জুড়ে বড় কর্মসূচির ডাক দিল 'জলপাইগুড়ি অভয়া মঞ্চ'। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে জানানো হয়, আগামী ৯ই ফেব্রুয়ারি—যেদিন তিলোত্তমা বা অভয়ার ৩৩তম জন্মদিন হতে পারত—সেই বিশেষ দিনটিতেই শহরে এক বিশাল গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি বিকেলে জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে এই উত্তরবঙ্গ ব্যাপী গণ কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়া।

জানা গিয়েছে, এই কনভেনশনে উপস্থিত থাকবেন খোদ অভয়ার মা ও বাবা। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি, অভয়া মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব, জুনিয়র ডক্টরস ফ্রন্ট (JDF)-এর প্রতিনিধিরা এবং সমাজকর্মী মোনালিসা মাইতি সহ বিশিষ্টরা উপস্থিত থাকবেন। জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, রায়গঞ্জ, দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী মানুষ এবং ছোট ছোট শহরের আন্দোলনকারীরা এই কনভেনশনে যোগ দেবেন।

আন্দোলন কেবল উত্তরবঙ্গ বা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের অন্যতম সদস্য তথা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ সুদীপন মিত্র জানান, আগামী ৯ই মার্চ দিল্লির যন্তর মন্তরে অভয়া মঞ্চের তরফে এক বিশাল অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, "বিচারে সুপ্রিম কোর্ট যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করে, সেই দাবি আমরা সাধারণ মানুষের তরফে তুলে ধরব। সেই আন্দোলনের মাধ্যমেই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে স্মারকলিপি পেশ করা হবে।"

আইনজীবী তথা আন্দোলনকারী দেবপ্রিয়া সেন বলেন, "৯ তারিখ সংখ্যাটি আমাদের কাছে আবেগের এবং যন্ত্রণার। ৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, আবার ৯ তারিখেই সেই নৃশংস ঘটনা ঘটেছিল। অভয়া বিচার পায়নি ঠিকই, কিন্তু 'জাস্টিস' শব্দটি এখন একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। উত্তরবঙ্গের সব জায়গা থেকে মানুষ এই মঞ্চে শামিল হচ্ছেন।"

এই কনভেনশন এবং পরবর্তী দিল্লি অভিযান রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে নারী সুরক্ষা ও ন্যায়বিচারের আন্দোলনকে এক নতুন মাত্রা দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

ভিডিও প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code