ব্রুকের একার হাতে পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে ইংল্যান্ড
বিশ্বকাপে প্রথম দল হিসাবে সেমিতে ইংল্যান্ড। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এদিন পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৯ উইকেটে ১৬৪। জবাবে ১৯.১ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান ইংল্যান্ডের। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিলেন হ্যারি ব্রুক। শাহিন আফ্রিদির ৪ উইকেটকে ব্যর্থ করে হ্যারির ৫১ বলে ১০০ রানের ইনিংস।
শাহিন নিজের প্রথম দু’ওভারে আউট করে দেন দুই ওপেনার ফিল সল্ট (০) এবং জস বাটলারকে (২)। জ্যাকব বেথেল (৮), টম ব্যান্টনেরাও (২) ব্যর্থ হলেও অধিনায়ক একা হাতে সামলাতে থাকেন ইনিংস। তাঁর ৫১ বলে ১০০ রানের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ৪টি ছক্কা। শাহিনের বলে আউট হওয়ার আগে দলের জয় নিশ্চিত করে দিয়ে যান ইংল্যান্ড অধিনায়ক। শেষ দিকে তাঁকে কিছুটা সাহায্য করেন স্যাম কারেন (১৫ বলে ১৬) এবং উইল জ্যাকস। ২৩ বলে ২৮ রান করলেন জ্যাকস।
৩০ রানে ৪ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না শাহিন। ২৬ রানে ২ উইকেট মহম্মদ নওয়াজ়। ৩১ রানে ২ উইকেট নিলেন উসমান তারিক।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ হলেন সাইম আয়ুব (৭)। ব্যর্থ সলমনও (৫)। হাল ধরেন ওপেনার সাহিবজ়াদা ফারহান এবং চার নম্বরে নামা বাবর আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আবার প্রয়োজনের সময় দায়িত্ব নিতে ব্যর্থ। ২টি চারের সাহায্যে ২৪ বলে ২৫ রান করে আউট হন তিনি। ফারহান করলেন ৪৫ বলে ৬৩। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ২টি ছক্কা। দলকে তেমন ভরসা দিতে পারেননি ফখর জ়ামান (১৬ বলে ২৫), শাদাব খানেরাও (১১ বলে ২৩)। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় তাঁদের আগ্রাসী ব্যাটিং। ইংল্যান্ডের সফলতম বোলার লিয়াম ডসন ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৬ রানে ২ উইকেট জেমি ওভারটনের। ৩২ রানে ২ উইকেট নিয়েছেন জফ্রা আর্চার। ৩১ রানে ১ উইকেট আদিল রশিদের।
শেষমেষ জয় ছিনিয়ে ইংল্যান্ড পৌঁছে যায় সেমিফাইনালে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ