ভাষার টানে মিলবে চার দেশ: দিনহাটায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
নিজস্ব প্রতিবেদন, দিনহাটা: উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ফের এক বড় চমক। আগামী ৭ এবং ৮ মার্চ দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবের (Boys Recreation Club) ব্যবস্থাপনায় এবং সার্ক কালচারাল সোসাইটি (ভারত)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে 'নবম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৬'। ক্লাবের নিজস্ব 'সোনার তরী' অডিটোরিয়ামে দু'দিনব্যাপী এই মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে এই সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যরা।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৭ মার্চ, শনিবার দুপুর ২.৩০ মিনিটে । এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলার অন্যতম দুই বিশিষ্ট চিন্তাবিদ ও বাগ্মী— অধ্যাপক পবিত্র সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি। সম্মেলনের উদ্বোধন করবেন অধ্যাপক পবিত্র সরকার এবং স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক আব্দুল কাফি। এছাড়াও উপস্থিত থাকবেন ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষ ড. রাজদীপ্ত রায়, বিশিষ্ট সাহিত্যিক প্রবাল কুমার বসু এবং অমৃতা ভট্টাচার্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ও রাজস্থানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা থেকে প্রায় ২০০ জন স্বনামধন্য কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন।
দু'দিনের এই সাহিত্য সম্মেলনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ প্যানেল ডিসকাশন, কবিতা পাঠ এবং আলোচনা চক্র:
প্রথম দিন (৭ মার্চ): সমসাময়িক সাহিত্য নিয়ে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল ডিসকাশন হবে। প্রথম বিষয় হলো— "বর্তমান বাংলার সাহিত্যে উত্তরবঙ্গ প্রসঙ্গ"। উত্তরবঙ্গের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির প্রভাব নিয়ে এতে চর্চা হবে। দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে সাহিত্যের অঙ্গনে নারীদের উঠে আসার পথ এবং প্রতিবন্ধকতা নিয়ে।
দ্বিতীয় দিন (৮ মার্চ): দিনটি 'আন্তর্জাতিক নারী দিবস' হওয়ায় নারীদের ওপর বিশেষ সেমিনার ও নারী কণ্ঠের কবিতা পাঠের আসর রাখা হয়েছে। এছাড়া বর্তমান সময়ে বইপত্র ও পত্রিকা প্রকাশনার নানা সমস্যা নিয়ে একটি বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। এদিন ভাষা নিয়ে বিশেষ বক্তব্য রাখবেন অধ্যাপক পবিত্র সরকার ।
প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজনকে সম্মাননা প্রদান করা হলেও, এ বছর মোট ছয়জনকে 'বিআরসি সম্মাননা' প্রদান করা হবে। এবছর সম্মানিত হচ্ছেন— কোচবিহারের বিশিষ্ট শিক্ষাবিদ বাণীকান্ত ভট্টাচার্য, আলিপুরদুয়ারের লেখক প্রমোদ নাথ, কোচবিহারের কবি ও পত্রিকা সম্পাদক মিনতি দত্ত মিশ্র এবং রঞ্জিত দেব। 'নবীন কণ্ঠস্বর' হিসেবে পুরস্কৃত হবেন শাহানুল হক এবং শিলিগুড়ির মল্লার পত্রিকার সম্পাদক শুভময় সরকারকে পত্রিকা সম্পাদনার জন্য পুরস্কৃত করা হবে।
সাংবাদিক বৈঠকে বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুবীর দত্ত, সম্মেলন কমিটির সভাপতি বিশ্বনাথ দেব, সম্পাদক গোকুল সরকার এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য কমল সরকার, শিক্ষক বিশ্বনাথ দে, অধ্যাপক জয়দীপ সরকার, সাহিত্যিক বিপুল আচার্য, আজিজুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকদের মূল লক্ষ্য হলো, সাহিত্য ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে যুবসমাজের মধ্যে সৃষ্টিশীল ও ধনাত্মক মানসিকতা তৈরি করা, যাতে তারা অপরাধমূলক কাজ থেকে দূরে থাকে এবং সমাজকে একটি সুন্দর দিশা দেখাতে পারে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊