শিবরাত্রি ঘিরে আকন্দ ফুল চাষে সাফল্য, বর্ধমানের যুবকের উদ্যোগে কর্মসংস্থান
পূর্ব বর্ধমান:
আর মাত্র কয়েকদিন পরেই মহাশিবরাত্রি। এই উৎসবকে কেন্দ্র করে শিবভক্তদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। শিবরাত্রি উপলক্ষে বাবা ভোলেনাথের মাথায় জল ও পছন্দের ফুল নিবেদন করেন ভক্তরা। বিশেষ করে ধুতরা ও আকন্দ ফুল শিবপুজোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে একসময় ঝোপঝাড় ও জঙ্গলে সহজলভ্য এই আকন্দ ফুল এখন অনেকটাই দুর্লভ হয়ে পড়েছে। ফলে পুজোর সময় এই ফুলের অভাবে সমস্যায় পড়তে হয় শিবভক্তদের।
এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের রেলপার এলাকায় আকন্দ ফুল চাষ করে নজির গড়েছেন এলাকার যুবক শ্যামল হাঁটি। প্রায় দুই বিঘা জমিতে তিনি আকন্দ ফুলের চাষ করছেন। তাঁর এই উদ্যোগ একদিকে যেমন শিবভক্তদের ফুলের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে স্থানীয়ভাবে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে।
শ্যামল বাবু জানান, আগে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হতো। কিন্তু সবজির দাম কম থাকায় লাভের বদলে লোকসানের মুখে পড়তে হত। এক আত্মীয়ের পরামর্শে কয়েক বছর আগে তিনি আকন্দ ফুলের চাষ শুরু করেন। বর্তমানে এই ফুল চাষ করে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং তাঁর সঙ্গে যুক্ত আরও কয়েকটি পরিবারও উপকৃত হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে তাঁর বাগানে প্রায় ১০ জন মহিলা কাজ করেন। প্রতিদিন বিকেলে তারা বাগান থেকে ফুল তুলে মালা তৈরি করেন। সেই মালা পরদিন সকালে কলকাতার ফুল বাজারে পাঠানো হয়। প্রতি মালার দাম প্রায় ১০ টাকা এবং প্রতিদিন প্রায় এক থেকে দুই হাজার মালা কলকাতার বাজারে বিক্রি হয়।
শ্যামল বাবুর এই উদ্যোগ কৃষিক্ষেত্রে বিকল্প চাষের দৃষ্টান্ত তৈরি করেছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি শিবরাত্রির আগে আকন্দ ফুলের যোগান নিশ্চিত হওয়ায় খুশি ভক্তরাও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ