ধর্মঘট সমর্থন করলেও পরীক্ষায় ‘না’ নেই! ১২ই ফেব্রুয়ারি শিক্ষকদের অবস্থান স্পষ্ট করল ABTA
কলকাতা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটকে নীতিগতভাবে পূর্ণ সমর্থন জানালেও, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ওই দিন পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটাবে না নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)। মঙ্গলবার এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত দাস এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের তথাকথিত শ্রমিক-বিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১২ই ফেব্রুয়ারি ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এবিটিএ-র অভিযোগ, গত ২১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া ৪ টি নতুন শ্রম সংহিতা বা লেবার কোড শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে। মালিক পক্ষের হাতে অবাধ শোষণের ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এবং কাজের সময়সীমা, ন্যূনতম মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের মতো সামাজিক সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এই শ্রম কোড বাতিলের দাবিতেই এই ধর্মঘট।
ধর্মঘটের দিন, অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের (Semester-IV) পরীক্ষা। একইসাথে চলছে মাধ্যমিক ২০২৬ এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও। ১০৬ বছরের প্রাচীন শিক্ষক সংগঠন হিসেবে এবিটিএ (ABTA) জানিয়েছে, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এবং পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা তাদের নৈতিক দায়িত্ব।
রাজ্যের অনেক পরীক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার অপ্রতুলতা রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষকরা ধর্মঘটে সামিল হলে পরীক্ষা পরিচালনায় বড়সড় সমস্যা তৈরি হতে পারে। তাই সংগঠনের সদস্যরা ধর্মঘটকে পূর্ণ সমর্থন করলেও, ওই দিন পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন করবেন এবং পরীক্ষায় সক্রিয়ভাবে অংশ নেবেন।
এবিটিএ-র পক্ষ থেকে ধর্মঘটের দিন পরীক্ষার্থী, পরীক্ষার কাজে যুক্ত কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতায়াতে বাধা না দেওয়ার জন্য পরিবহণ কর্মী ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট পালন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ