Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal university VC appointment: রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ

রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ

Panchanan Barma University VC, Sanchari Roy Mukhopadhyay, West Bengal university VC appointment, Cooch Behar news.


নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ টানাপোড়েন ও জটিলতার অবসান। রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে নিয়োগপত্র দিল উচ্চশিক্ষা দপ্তর। বৃহস্পতিবার রাজভবন থেকে ফাইল বিকাশ ভবনে এসে পৌঁছানোর পরই এই নিয়োগপত্রগুলি জারি করা হয়। এর ফলে দীর্ঘ দেড় বছর পর কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ও পেতে চলেছে তাদের স্থায়ী উপাচার্য।


উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (পিবিইউ) উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। এছাড়াও নিয়োগপত্র পেয়েছেন আরও সাতজন উপাচার্য। তাঁরা হলেন— সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নিমাই সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্ণব সেন, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবব্রত বসু, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের দেবব্রত মিত্র এবং ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মিতা বন্দ্যোপাধ্যায়।


প্রসঙ্গত, গত ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে এই উপাচার্যদের নাম ঘোষণা করেছিলেন রাজ্যপাল। কিন্তু রাজভবন থেকে ফাইল বিকাশ ভবনে না পৌঁছানোর কারণে এতদিন নিয়োগপত্র দিতে পারছিল না রাজ্য। 


এদিকে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় থাকায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক থেকে শুরু করে গবেষণা ও আর্থিক নানান কাজ থমকে ছিল। স্থায়ী উপাচার্য হিসেবে সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ে খুশির হাওয়া ছড়িয়েছে।


উপাচার্য হিসেবে নোটিফিকেশন পাওয়ার কথা স্বীকার করে সঞ্চারী রায় মুখোপাধ্যায় জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে রিলিজ অর্ডার ও লিয়েনের জন্য আবেদন করবেন এবং সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেই নতুন কাজে যোগ দেবেন।


পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারীও এই খবরে স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেহেতু উপাচার্য নেই, তাই হয়তো উচ্চশিক্ষা দপ্তরের থেকেই তাঁকে লিয়েন নিতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই নতুন উপাচার্য তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code