দিনহাটার নিষিদ্ধ পল্লীতে বোমাবাজি, আতঙ্কিত স্থানীয়রা
কোচবিহারের দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীতে এক বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোররাতে শহরের একটি দোকানের সামনে দুষ্কৃতীরা বোমা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে খবর, আজ ভোররাতে হঠাৎই একটি বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীর একটি দোকানের সামনে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ এবং স্থানীয় পৌরসভার কাউন্সিলরের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী মহিলা জানান, "ভোররাতে আমার ঘরের সামনের দোকানে বোমা মেরে কিছু লোক পালিয়ে যায়। আমরা এখন এই ঘটনায় খুবই আতঙ্কে আছি।"
এই ঘটনার সঙ্গে পূর্বের কোনো বিবাদের যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। দিন পাঁচেক আগেই এই এলাকার নিষিদ্ধ পল্লী এবং হরিজন পল্লীর বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঝামেলা এবং হাতাহাতির ঘটনা ঘটেছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেই ঘটনার জের ধরেই এই বোমাবাজি হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ