আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেন নিকোলাস পুরান
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরান। আইপিএলের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে বিশ্রাম চেয়েছিলেন পুরান। তাঁকে বিশ্রাম দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। সেই সিরিজের পরেই অবসর ঘোষনা। তবে বিভিন্ন দেশের লিগে খেলবেন পুরান। এমনটাই খবর।
সামাজিক মাধ্যমে নিজের অবসর ঘোষনা দেন পুরান। পুরান লেখেন, “ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার আনন্দ বলে বোঝাতে পারব না। অনেক মুহূর্তের সাক্ষী থেকেছি। মেরুন জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া আমার কাছে গর্বের। প্রতিটা ম্যাচে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই দলের অধিনায়কত্বও আমার কাছে গর্বের।” অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলেও জানান তিনি।
সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “সমর্থকেরা আমাকে যা ভালবাসা দিয়েছে তার জন্য ধন্যবাদ। কঠিন সময়ে সেই ভালবাসা আমাকে ফেরার জন্য উদ্বুদ্ধ করেছে। আমার পরিবার, বন্ধু ও সতীর্থেরা যে ভাবে প্রতি পদক্ষেপে আমার পাশে থেকেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের বিশ্বাসের সাহায্যে সামনের দিকে এগোতে পেরেছি।”
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ় দলে অভিষেক থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পুরান। আট বছরের কেরিয়ারে ৬১ এক দিনের ম্যাচে ১৯৮৩ ও ১০৬ টি-টোয়েন্টি ম্যাচে ২২৭৫ রান করেছেন পুরান। দুই ফরম্যাট মিলিয়ে তিনটে শতরান ও ২৪টা অর্ধশতরান করেছেন। তবে দেশের হয়ে টেস্ট খেলা হয়নি পুরানের। ২০২১-২২ সালের মধ্যে ২৩টা টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়কত্ব করেছেন তিনি।
সদ্য সমাপ্ত আইপিএলে লখনৌয়ের হয়ে খেলেছিলেন তিনি। ২১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার ১৪টা ম্যাচে ৫২৪ রান করেছেন। ৪৩.৬৭ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাঁচটা অর্ধশতরান করেছেন। এ বারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কাও (৪০) মেরেছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ