হিলকার্ট রোডের জুয়েলারি ডাকাতিতে গ্রেপ্তার আরও এক, বিহার থেকে ধরা পড়লো অভিযুক্ত
হিলকার্ট রোডের অভিজাত জুয়েলারি শোরুমে কুড়ি কোটি টাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আশান (৩৭)। সে বিহারের দারভাঙ্গা জেলার জামালপুর থানার অন্তর্গত বোরামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার আটজনের একটি সশস্ত্র ডাকাত দল শিলিগুড়ির হিলকার্ট রোডে অবস্থিত একটি নামী জুয়েলারি দোকানে হানা দেয়। ডাকাতেরা প্রায় ২০ কোটি টাকার স্বর্ণালঙ্কার, প্ল্যাটিনামের গহনা ও হীরের অলংকার লুঠ করে পালিয়ে যায়। পালানোর সময় দুই অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মোহাম্মদ আশানের নাম। এরপর বিশেষ দল পাঠিয়ে তাকে বিহার থেকে গ্রেফতার করা হয়।
ধৃত আশানকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ তার হেফাজতের আবেদন জানিয়েছে যাতে বাকিদের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই মামলায় দুই মহিলা সহ পাঁচ অভিযুক্ত পলাতক। পুলিশের একাধিক বিশেষ দল এই ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে বিহার সহ অন্যান্য রাজ্যে অভিযান চালাচ্ছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,"এই ডাকাতির সঙ্গে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য চক্র জড়িত। ধৃতদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। আমরা খুব শিগগিরই বাকিদেরও গ্রেফতার করব।" শহরের অন্যতম বাণিজ্যিক এলাকায় এমন সশস্ত্র ডাকাতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ী মহলে। নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে উঠেছে একাধিক প্রশ্ন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ