ইঞ্জিন বিকল! ২ ঘণ্টা থেমে রইল উত্তরবঙ্গ এক্সপ্রেস, চরম ভোগান্তিতে যাত্রীরা
শিয়ালদহ থেকে বামনহাটগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে ইঞ্জিন বিকল হওয়ায় কার্যত থমকে গেল যাত্রা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওকড়াবাড়ির বানীদাস এলাকায় আচমকা থেমে যায় ট্রেনটি। তখন থেকেই প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেন, ফলে ব্যাপক চাঞ্চল্য ও যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
সূত্রের খবর, ট্রেনটি ইতিমধ্যেই নির্ধারিত সময়ের থেকে চার ঘণ্টা পিছিয়ে চলছিল। এর মধ্যেই দিনহাটা স্টেশন ছাড়ার কিছু পরেই ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিন বিকল হয়ে পড়ে। চালক এবং রেল আধিকারিকরা ইঞ্জিন মেরামতির কাজে হাত দিলেও দীর্ঘ সময় লেগে যায়।
যাত্রীদের অভিযোগ, এমন জরুরি পরিস্থিতিতে বিকল্প ইঞ্জিন বা সহযোগিতার ব্যবস্থা রেলের নেই বললেই চলে। ধৈর্য হারিয়ে ফেলেন অনেক যাত্রী। খবর পৌঁছায় বামনহাট স্টেশন ও অন্যান্য রেল দফতরে। শেষপর্যন্ত বিকল ইঞ্জিন সারানো সম্ভব না হওয়ায় অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটি বামনহাটের দিকে পাঠানো হয়।
দীর্ঘ এই বিলম্বের কারণে ট্রেনটির রিটার্ন ট্রিপেও ব্যাপক দেরি হবে বলে জানিয়েছে রেলসূত্র।
এদিকে, রেলের জরুরি পরিষেবার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
তাঁদের বক্তব্য “এত বড় ট্রেনে যাত্রী নিয়ে চলার পরেও কেন প্রস্তুতি নেই? যাত্রী নিরাপত্তা ও পরিষেবা নিয়ে রেল প্রশাসনের ভাবনাচিন্তা জরুরি।”
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরে ট্রেন পরিচালনার ত্রুটি ও জরুরি ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ