IPL 2023: লো স্কোরিং ম্যাচে লখনৌ কে ২ উইকেটে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এলো পাঞ্জাব
আইপিএলের ২১ তম ম্যাচে মুখোমুখী হয়েছিল পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ অধিনায়ক রাহুল ফর্মে ফিরলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন। দলগত পারফরম্যান্স দেখিয়ে লখনৌকে ২ উইকেটে হারালো শিখর ধাওয়ান হীন পাঞ্জাব কিংস।
লখনৌ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। ক্যাপ্টেন লোকেশ রাহুল অনেকদিন পর রান পেলেন সাথে দলকেও টানলেন। ওপেন করতে নেমে রাহুল যখন ১৯ তম ওভারে দলীয় ১৫০ রানের মাথায় আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৬ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস। রাহুল ছাড়া বলার মতো রান শুধু কাইল মেয়রস (২৯), ক্রুণাল (১৮) এবং স্টয়নিশ (১৫) এর।
পাঞ্জাবের হয়ে ৩টি উইকেট পেয়েছেন আজকের অধিনায়ক স্যাম কুরান। ২টি পেয়েছেন কাগিসো রাবাদা।
কম টার্গেট তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই আউট হন পাঞ্জাব ওপেনার অথর্ব টাইড। তৃতীয় ওভারে প্রভসিমরণ (৪) আউট হলে প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেন ম্যাথু শর্ট (৩৪) এবং হরপ্রিত সিং ভাটিয়া (২২)।
এরপর দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সিকান্দার রাজা। তিনি ৩টি ছয় ও ৪টি চারের সাহায্যে ৪১ বলে ৫৭ রান করে যখন আউট হন তখন পাঞ্জাবের জয়ের জন্য ২ ওভারে দরকার ২১ রান। শাহরুখ খান (১০ বলে ২৩) অপরাজিত থেকে পাঞ্জাবকে ২ উইকেটে জয় উপহার দেন।
লখনৌ এর হয়ে ২টি করে উইকেট পেয়েছেন যুধবির সিং, মার্ক উড এবং রবি বিস্নোই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ