Ratha Yatra Special Recipe - বাড়িতেই খুব সহজে বানান মচমচে গুড়ের জিলিপি, রইল রেসিপি

নিজস্ব প্রতিবেদন: ভারতবর্ষ উৎসব প্রধান দেশ। বছরভর নানা অনুষ্ঠান ও উদযাপন পালন করেন ভারতবাসীরা। কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা (Rath Yatra)। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।

Rath Yatra Special Molasses Jalebi Gurer Jilipi Recipe in Bengali
বাড়িতেই সহজে বানান রথযাত্রা স্পেশ্যাল গুড়ের জিলিপি

তবে, রথের দিনে জিলিপি না খেলে চলে! আর সে জিলিপি গুড়ের হলে তো কথাই নেই। কিন্তু জানেন কি, গুড়ের জিলিপি বাড়িতে বানানো মোটেই কঠিন কাজ নয়। অন্তত পিঠে বা তালের বড়া বানানোর চেয়ে ঢের সোজা। দোকানে লাইন না দিয়ে সব উপকরণ জোগাড় করে বাড়িতেই সহজে বানাতে পারেন গুড়ের জিলিপি। রইল বাঙালির হেঁশেলের এই স্পেশ্যাল রেসিপি।

গুড়ের জিলিপি তৈরীর প্রয়োজনীয় উপকরণ

জিলিপির মিশ্রণের জন্য:

  • ময়দা - ২ কাপ
  • টক দই - ৫ টেবিলচামচ
  • ইস্ট - দেড় চামচ
  • কর্নফ্লাওয়ার - ৪ টেবিলচামচ
  • চিনি - ১ চা-চামচ
  • নুন - স্বাদমতো
  • তেল - ৪ টেবিলচামচ (মিশ্রণের জন্য) এবং ৩ কাপ (ভাজার জন্য)
  • চালের গুঁড়ো - অর্ধেক কাপ
  • ঈষদুষ্ণ গরম জল - ২ কাপ

সিরার জন্য উপকরণ:

  • জল - ৩ কাপ
  • গুড় - ২ কাপ
  • চিনি - ১ কাপ
  • ঘি - ১ টেবিলচামচ
  • গোলাপজল - ১ চা-চামচ
  • এলাচ - ৩টি
  • লেবুর রস - ১ চা-চামচ
  • লাল ফুড-কালার - ১ ফোঁটা

গুড়ের জিলিপি বানানোর সহজ পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, চিনি, তেল, নুন, দই ও ইস্ট মিশিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করে নিন। এরপর চামচে করে খানিকটা তুলে নিয়ে দেখুন তারের মতো করে চামচ বেয়ে মিশ্রণটি পড়ছে কি না। তেমনটা হলে বুঝবেন মিশ্রণটি ঠিক আছে। এবার ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

এরপরে সিরা বানানোর জন্য একটি বড় পাত্রে জল, গুড়, চিনি ও বাকি উপকরণ দিয়ে মিশিয়ে নিন। পাত্রটি আঁচে বসিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলেই আঁচ বন্ধ করে দেবেন, তা নাহলে সিরাটি জমে যাবে। সিরা ঠিকঠাক হয়েছে কি না, তা বুঝতে আঙুলের ডগায় এক ফোঁটা নিন। এবার বুড়ো আঙুল দিয়ে টাচ করে দেখুন আঠা আঠা লাগছে কি না আর দুই আঙুলের মধ্যে সরু আঠালো তারের মতো তৈরি হচ্ছে কি না। তেমনটা হলে বুঝবেন সিরা ঠিকঠাক তৈরি হয়েছে।

তারপর কড়াইতে তেল গরম করুন। গরম হতে হতেই একটি পাইপিং ব্যাগে জিলিপির মিশ্রণটি ভরে নিন। তেল গরম হলে হাত ঘুরিয়ে, যতটা পারা যায় পেঁচিয়ে মিশ্রণটি তেলে দিন। ছোট ছোট প্যাঁচ দিলে ভাজতে সুবিধে হবে। এর পর ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে তুলে গরম সিরায় ডুবিয়ে দিন। উল্টেপাল্টে ভাল করে সিরা মাখিয়ে প্লেটে তুলে নিলেই তৈরি আপনার পছন্দের গুড়ের জিলিপি (Ratha Yatra Special Recipe)।

গুড়ের জিলিপি রেসিপি সম্পর্কিত জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: জিলিপির সিরা সঠিক হয়েছে কিনা তা কীভাবে বুঝব?

উত্তর: সিরা সঠিক হয়েছে কিনা তা বুঝতে আঙুলের ডগায় এক ফোঁটা সিরা নিয়ে বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে দেখুন। যদি দুই আঙুলের মাঝে সরু আঠালো তারের মতো তৈরি হয়, তবে বুঝবেন সিরা পারফেক্ট।

প্রশ্ন ২: জিলিপির ব্যাটার বা মিশ্রণ কতক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়?

উত্তর: ময়দা, দই এবং ইস্ট দিয়ে তৈরি মিশ্রণটি ভালোভাবে ফেটানোর পর অন্তত ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এটি ঠিকমতো ফারমেন্ট হয়।

প্রশ্ন ৩: বাড়িতে জিলিপি বানাতে প্রধানত কী কী উপকরণ লাগে?

উত্তর: জিলিপি বানাতে মূলত ময়দা, টক দই, কর্নফ্লাওয়ার, ইস্ট, চিনি এবং গুড় প্রয়োজন হয়। মুচমুচে করার জন্য এতে সামান্য চালের গুঁড়োও মেশানো হয়।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in